উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসির কলকাতা সফর (Messi in Kolkata) নিয়ে তুমুল তর্জা গোটা বাংলায়। এই বিপর্যয়ের জন্য কে দায়ী? তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এরই মাঝে আলাদাভাবে নজর কেড়েছে মেসির পাশে শুভশ্রীর (Subhasree Ganguly) ছবি তোলা। যা নিয়ে তীব্র কটাক্ষের শিকার ‘লেডি সুপারস্টার।’ এই পরিস্থিতিতে স্ত্রীর পাশে দাঁড়িয়ে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন পরিচালক-অভিনেতা ও বিধায়ক রাজ চক্রবর্তী।
এ প্রসঙ্গে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) বলেন, ‘একজন নারীকে যেভাবে কুৎসা, নোংরা ইঙ্গিত করা হচ্ছে। তাঁর শারীরিক গঠন, বাচ্চাকাচ্চা নিয়ে অপমান করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক। ব্যক্তিগত আক্রমণটা কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও। আমার পরিবারের কেউ বলে নন। যারা মহিলাদের কু-ইঙ্গিত করে কথা বলে, আমি সেসব মানুষকে ঘেন্না করি। রাস্তা কিংবা সোশ্যাল মিডিয়ায় যদি মহিলাদের অপমান করা হয় তার প্রতিবাদ করতে আমি দাঁড়িয়ে আছি। ক্ষমতা থাকলে সে আমার সামনে এসে দাঁড়াক, আমি তার জিভ, চোখ দু’টোই তুলে নিতে পারি।’
শুভশ্রীকে ট্রোল করে নিয়ে গতকাল সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠেছিলেন রাজ। সমালোচকদের যোগ্য জবাব দেন পরিচালক। এরপর গতকাল রাতেই এই ইস্যুতে পুলিশের (Police) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন পরিচালক। তবে এ নিয়ে এখনও পর্যন্ত শুভশ্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
