উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির ভূরিভোজ মানেই শেষপাতে একটু মিষ্টি দই থাকা চাই। কিন্তু কর্মব্যস্ততার মাঝে বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়ে মিষ্টি বানানো অনেকের পক্ষেই অসম্ভব। তাই ভোজনরসিকদের জন্য রইল এক দারুণ সমাধান। কোনও ঝক্কি ছাড়াই অত্যন্ত সহজ পদ্ধতিতে মাইক্রোওয়েভে মাত্র ৩ মিনিটেই বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘ভাপা দই’।
উপকরণ:
অল্প সময়ে এই সুস্বাদু পদটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে:
-
ঘরে পাতা দই: ১ কাপ
-
কনডেন্সড মিল্ক: ১টি ছোট ক্যান
-
কলা: ১-২টি (পাতলা স্লাইস করা)
-
বাদাম কুচি: ২-৩ টেবিল চামচ (কাজু, পেস্তা বা আমন্ড)
-
কেশর: সামান্য
-
এলাচ গুঁড়ো: আধ চা চামচ
প্রস্তুত প্রণালী:
১. দই ফেটানো: প্রথমে একটি পাত্রে জল ঝরানো বা ঘরে পাতা দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন যাতে কোনও দলা না থাকে। ২. মিশ্রণ তৈরি: দই মসৃণ হয়ে এলে তাতে কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়ো, বাদাম কুচি ও কেশর দিয়ে সবকটি উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ৩. সাজানো: এবার একটি মাইক্রোওয়েভ-প্রুফ পাত্রের তলায় পাতলা করে কেটে রাখা কলার টুকরোগুলো সুন্দর করে সাজিয়ে দিন। ৪. ভাপানো: কলার স্তরের ওপর দইয়ের তৈরি মিশ্রণটি ঢেলে দিন। এবার মাইক্রোওভেনে পর্যাপ্ত তাপমাত্রায় মাত্র ৩ মিনিট চালিয়ে নিলেই তৈরি আপনার ভাপা দই।
পরিবেশন টিপস:
ওভেন থেকে বের করার পর মিশ্রণটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিন। এরপর আসল স্বাদ পেতে পাত্রটি ৩-৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। খাওয়ার শেষে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই চটজলদি ভাপা দই।
