উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের আধার কার্ড (Aadhaar Card) বেশ পছন্দ হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের (UK PM Keir Starmer)। সম্প্রতি ভারত সফরে এসে আধার কার্ডের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তিনি। তাই এবার আধার কার্ড থেকেই অনুপ্রাণিত হয়ে ব্রিটেনেও সেরকমই পরিচয়পত্র তৈরি করতে চাইছে সে দেশের সরকার। যার নাম ‘ব্রিট কার্ড’ দেওয়া হবে বলে শোনা যাচ্ছে (Brit Card)। তবে আধারের মতো বায়োমেট্রিক তথ্য ব্যবহার হবে না এই কার্ডে। ব্রিটেনে অবৈধভাবে থাকা শ্রমিকদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ নেওয়া হবে।
কিছুদিন আগেই মুম্বইতে এসে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা তথা আধার প্রকল্পের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নন্দন নিলেকানি সহ আরও অনেকের সঙ্গে বৈঠক করেছিলেন স্টার্মার। সেই আলোচনায় আধারের প্রক্রিয়া, প্রভাব সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন তাঁরা।
যদিও ভারতে আধার কার্ড নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। এমনকি এক ব্রিটিশ সংবাদমাধ্যমেই দাবি করা হয়েছিল, তথ্য সুরক্ষা সংক্রান্ত সমস্যা এবং পরিচয়পত্রের অভাবে নাগরিকরা সুযোগসুবিধা বা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে প্রশাসনিক ব্যয় ও দু্র্নীতি কমাতে আধার সদর্থক ভূমিকা নিয়েছে বলেও উল্লেখ করা হয়েছিল ওই প্রতিবেদনে। তবে ব্রিটেন সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ভারতের পদক্ষেপের দ্বারা অনুপ্রাণিত হলেও এর নকশা ভিন্ন হবে। এতে বায়োমেট্রিক তথ্যও অন্তর্ভুক্ত থাকবে না। মূলত অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে ব্রিটেনের চাকরিজীবীদের জন্যই এই কার্ড বাধ্যতামূলক করা হবে।
উল্লেখ্য, অবৈধ অভিবাসী সমস্যায় বহুদিন ধরেই ভুগছে ব্রিটেন। এর প্রতিবাদে বেশ কয়েকটি মিছিল এবং জমায়েত করেছে জনতা। স্টার্মারের সরকার ব্রিটেনে ক্ষমতায় আসার পরই অবৈধ অভিবাসীদের দেশছাড়া করতে উদ্যোগী হয়েছে। এবার এনিয়ে ‘ব্রিট কার্ড’ আনার চিন্তাভাবনা শুরু করছে ব্রিটেন।
