বক্সিরহাট: আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাকে সত্যি করে পাথরবোঝাই ট্রাক সেতুতে উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-২ ব্লকের, বারকোদালি -২ গ্রাম পঞ্চায়েতের মরা রায়ডাক নদীর উপর লোহার সেতুতে। যদিও কেউ এই ঘটনায় জখম না হলেও ভাঙা সেতুতে আটকে পড়েছে ডাম্পারটি। এদিকে সেতু ভাঙার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভীড় জমান প্রচুর সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই লোহার সেতুটি দুর্বল। বারবার প্রশাসনের কাছে সেতুটি সংস্কারের দাবি জানানো হয়েছে। দুর্বল সেতু হওয়া সত্ত্বেও সেতু দিয়ে সবরকম ভারী যানবাহন চলাচল করত। কোনও নজরদারী ছিল না প্রশাসনের। যার জেরে সেতু ভেঙে পড়ার আশঙ্কা আরও জোরদার হয়। এদিন সকালে একটি পাথরবোঝাই ডাম্পার অসমের খেরবাড়ি থেকে মানসাই বাজারের দিকে যাচ্ছিল। শিল্পী টগর অধিকারী সেতুতে ডাম্পারটি উঠতেই ভেঙে পরে সেতুটি। অল্পের জন্য প্রাণে বাঁচেন ডাম্পার চালক।

তুফানগঞ্জ-২ বিডিও অজয় কুমার দণ্ডপাত জানান, ‘সেতু ভাঙার খবর শুনেছি। হতাহতের কোনও খবর নেই। ঘটনাটি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনবো’।
