Breast Most cancers Victory | ব্রেস্ট ক্যানসার ভিক্টরি মিট ২০২৬

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ক্যানসার মানেই জীবন থেমে যাওয়া নয়। সঠিক সময়ে রোগ নির্ণয়, উপযুক্ত চিকিৎসা এবং মানসিক দৃঢ়তা থাকলে এই কঠিন লড়াই জয় করেও স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। সেই আশার বার্তাই তুলে ধরল রাঙাপানির মণিপাল কমপ্রিহেনসিভ ক্যানসার হাসপাতাল (Manipal Hospital Siliguri)।
শুক্রবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার স্তন ক্যানসার জয়ীদের নিয়ে হাসপাতালের উদ্যোগে আয়োজিত হল ‘জিৎ কা সফর: ব্রেস্ট ক্যানসার (Breast Most cancers) ভিক্টরি মিট ২০২৬’। এই বিশেষ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে সুস্থ জীবনে ফিরে আসা মহিলাদের সাহস, আত্মবিশ্বাস এবং অদম্য লড়াইকে সম্মান জানানো।
একসময় যাঁরা ছিলেন স্তন ক্যানসারে আক্রান্ত (Most cancers Survivors), চিকিৎসার দীর্ঘ পথ, শারীরিক ও মানসিক প্রতিকূলতা পেরিয়ে আজ তাঁরা ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবনের ছন্দ। সেই কঠিন সময়ের অভিজ্ঞতা, চিকিৎসার লড়াই এবং ঘুরে দাঁড়ানোর গল্প এদিন ভাগ করে নেন তাঁরা। তাঁদের প্রত্যেকের জীবনকাহিনিই যেন অন্যদের কাছে নতুন করে বাঁচার অনুপ্রেরণা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপাল হাসপাতালের সার্জিকাল অনকোলজি বিভাগের কনসালট্যান্ট চিকিৎসক ডা. রোহিত তিওয়ারি এবং রেডিয়েশন অনকোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. পৃথ্বীজিৎ মৈত্র। চিকিৎসকদের বক্তব্যে উঠে আসে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা, দ্রুত রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসা শুরু করার গুরুত্ব।
ডা. রোহিত তিওয়ারি জানান, ক্যানসার নিঃসন্দেহে একটি ভীতিকর রোগ। তবে এই রোগের নাম শুনে আতঙ্কিত হয়ে পড়লে চলবে না। বরং সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। চিকিৎসার ক্ষেত্রে হার মেনে না নিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এগিয়ে যাওয়াই জরুরি।
অন্যদিকে, ডা. পৃথ্বিজিৎ মৈত্র জানান, শরীরে রোগের লক্ষণ দেখা দিলে কিংবা স্তন ক্যানসারের সন্দেহ তৈরি হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। রোগ শনাক্ত হওয়ার পর যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা শুরু করা দরকার। কারণ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে চিকিৎসার সাফল্যের সম্ভাবনা অনেকটাই বাড়ে।
চিকিৎসকদের মতে, স্তন ক্যানসারের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও উন্নত চিকিৎসা পদ্ধতির পাশাপাশি রোগীর মানসিক দৃঢ়তা, পরিবারের সহযোগিতা এবং ইতিবাচক মনোভাবও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্তন ক্যানসার সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং রোগ নিয়ে অযথা ভয় ও সংকোচ দূর করাও জরুরি।
এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু ক্যানসার জয়ীদের সম্মান জানানোই নয়, সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তাও পৌঁছে দেওয়ার চেষ্টা করল হাসপাতাল। ক্যানসার সম্পর্কে সচেতনতা, সময়মতো চিকিৎসা এবং চিকিৎসকদের উপর আস্থা—এই তিনের সমন্বয়েই কঠিন লড়াইয়ের পথ অনেকটা সহজ হতে পারে। সব মিলিয়ে, ‘জিৎ কা সফর’ হয়ে উঠল ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা মহিলাদের সাহস, সংগ্রাম এবং নতুন করে জীবনে ফিরে আসার গল্প উদযাপনের এক বিশেষ মঞ্চ হয়ে উঠল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *