উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার পুজোয় মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি ‘রঘু ডাকাত’। আর এই ছবি মুক্তির আগে থেকেই তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে বাগযুদ্ধে জড়িয়েছেন দেব (Dev)। এবার এর মধ্যেই কুণালের পাশে দাঁড়িয়ে একইভাবে দেবকে নিশানা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে ব্রাত্য বলেন, ‘দেব ও কুণালের মধ্যে কী হয়েছে, তা আমি ঠিক জানি না। তবে এই পুজোয় চারটে বাংলা ছবি মুক্তি পেয়েছে। সবকটাই দর্শক দেখছেন। তবে আমি বলতে পারি যে বাংলা ছবিতে কেউ সুপারস্টার নন। বিষয়টিই হাস্যকর। ভালো অভিনেতা হতে পারেন, স্টার হতে পারেন। কিন্তু সুপারস্টার নন। যিনি সুপারস্টার হবেন তিনি কখনই কারও অধীনে রাজনীতি করবেন না। বরং তিনি নিজে একটি দল গড়বেন।’ এরপরই তৃণমূলের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ তৃণমূল কংগ্রেসে যদি কেউ সুপারস্টার হয়ে থাকেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। স্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়।’
সেই সঙ্গে নিজের প্রসঙ্গ টেনেও ব্রাত্য বলেন, ‘যেমন আমি নিজেও অভিনয় করি, আবার রাজনীতিতেও রয়েছি। কিন্তু আমিও যদি এক্ষেত্রে নিজেকে সুপারস্টার বলি, তাহলে এর থেকে হাস্যকর কিছু হবে না।’
উল্লেখ্য, কুণাল ও দেবের এই বাগযুদ্ধের সূত্রপাত পুজোর সময় রিলিজ হওয়া ছবির প্রেক্ষাগৃহে স্লট পাওয়া নিয়ে। পুজোর সময় যাতে চারটি ছবিই সমান সংখ্যক স্লট পায়, তা নিয়ে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। এরপরই কুণালকে দেববিরোধী বলে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন প্রযোজক রানা সরকার। যদিও তাঁকে পালটা জবাব দিতে ছাড়েননি কুণালও। সেই থেকেই দেব ও তাঁর ঘনিষ্ঠ প্রযোজকদের সঙ্গে বাগযুদ্ধ চলছে তৃণমূল নেতা কুণালের।
