উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সোমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই বেশ কিছু চমক দিয়েছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে সইয়ের পর ট্রাম্প বলেন, ‘ওহহ, এটা অন্যতম গুরুত্বপূর্ণ।’ তাঁর মন্তব্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এত দিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ‘অন্যায্য পরিমাণে’ অর্থ প্রদান করেছে।
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল। ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল।
