উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী একটি বিমানে বোমাতঙ্ক (Bomb Hoax)। বিমানটি দিল্লির (Delhi) উদ্দেশে রওনা দিলেও রবিবার মাঝপথে রোমের (Rome) দিকে ঘুরিয়ে নেওয়া হয়। রোমে লিওনার্দো দ্য ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। শনিবার রাতে নিউইয়র্ক (New York) থেকে বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দেয়। কিন্তু মাঝপথেই রোমের দিকে ঘুরে যায়। বিমানে ১৯৯ জন যাত্রী ছিলেন। সকলেই নিরাপদ আছেন। পরে যদিও এই হুমকি ‘ভুয়ো’ বলে প্রমাণিত হয়।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে। কিন্তু মাঝরাতে বোমাতঙ্ক ছড়ায় বিমানে। এরপর সেটিকে দিল্লি না নিয়ে মাঝপথে রোমেই অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার বিকেলে ওই এয়ারপোর্টে বিমানটি নিরাপদে অবতরণ করে।
জানা গিয়েছে, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি কাস্পিয়ান সাগরের উপরে ছিল যখন ক্রুদের একটি বোমা হুমকির বিষয়ে সতর্ক করা হয়। এই হুমকি একটি ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল, তবে পরে সেটি ভুয়ো বলে প্রমাণিত হয়। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। সেখানে ফাইটার জেট দ্বারা বিমানটিকে নিরাপত্তার সঙ্গে নিয়ে আসতে দেখা যায়।
American Airways Flight Diverts to Rome After Bomb Menace
On February 23, 2025, American Airways Flight AA292, en route from New York (JFK) to New Delhi (DEL), diverted to Rome (FCO) on Sunday after a reported bomb menace obtained by way of e mail.
The Boeing 787-9, carrying 199… pic.twitter.com/vmRXuVRnLn
— Intrigue Archive (@IntrigueArchive) February 24, 2025
বিমান সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁরা যে আমাদের বুঝেছে, তার জন্য ধন্যবাদ।’ সমস্তকিছু খতিয়ে দেখার পর এদিন ফের যাত্রা শুরু করবে বিমানটি।
