উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিম বলিভিয়ার ভিয়াচা শহরের একটি সেনাঘাঁটিতে মজুত বাজিতে ভয়াবহ বিস্ফোরণের (Bolivia blast) জেরে দশ থেকে পনেরো জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনায় কমপক্ষে আটান্ন জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে বায়ান্ন জন সাধারণ নাগরিক ও ছয় জন সেনাকর্মী। বিস্ফোরণের পর এখনও সাতজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ভিয়াচা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ওই সেনাঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে। সেনাঘাঁটির একটি অংশে প্রচুর বাজি মজুত করা ছিল এবং সেখান থেকেই এই তীব্র বিস্ফোরণ ঘটে (Army base explosion) বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণের অভিঘাতে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং পার্শ্ববর্তী একাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রায় এক লক্ষ মানুষের জনবহুল এই শহরে ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো বিস্ফোরণের ঘটনা স্বীকার করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ভিয়াচার স্বাস্থ্য অধিকর্তা রিতা নেব্রাস্কা জানিয়েছেন যে মৃতের সংখ্যা দশের বেশি হতে পারে। বিকট আওয়াজ শুনে সাধারণ মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুল্যান্স ও স্বাস্থ্যকর্মীদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘটনাস্থল থেকে ফের বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে, যার জেরে স্থানীয় বাসিন্দাদের অন্তত দেড়শো মিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়ে বলিভিয়া পুলিশের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

