উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইসলামাবাদে আদালতের বিস্ফোরণের (Blast In Pakistan) পর কয়েক ঘন্টাও কাটেনি, তদন্ত প্রক্রিয়াও ঠিকমতো শুরু হয়নি, তারই মধ্যে এর জন্য ভারতকে দায়ী করে বিবৃতি দিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। মঙ্গলবার দুপুর নাগাদ ইসলামাবাদে একটি আদালতের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জনের মৃত্যু হয়। এর আগে সোমবার আফগানিস্তানের সীমান্তবর্তী ওয়ানায় একটি ক্যাডেট কলেজেও হামলা হয়। দুটি ক্ষেত্রেই শরিফ নয়াদিল্লির ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন।
পাকিস্তানের সরকারি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি) জানিয়েছে, শরিফ এই জোড়া হামলার জন্য ‘ভারত মদতপুষ্ট’ সন্ত্রাসবাদীদের দায়ী করেছেন। পাকিস্তানকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এই ধারাবাহিক হামলা বলে দাবি করেছেন শরিফ।
দীর্ঘদিন ধরেই পাকিস্তান দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের আঁতুড় হিসেবে পরিচিত। তারাই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়। যখন সন্ত্রাসবাদীরা ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হয়, তখন এর জন্য ভারতকে দোষারোপ করে। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গি সংগঠন পরিচালিত যাবতীয় হামলাকে কাবুলের তালিবান প্রশাসনের সঙ্গে যুক্ত করে আসছে পাকিস্তান। একইসঙ্গে তালিবানকে ‘ভারতের পুতুল’ বলে অভিহিত করছে। মঙ্গলবারের হামলার ঘটনায় এখনও কোনও তদন্তই শুরু হয়নি পাকিস্তানের তরফে, তার আগে কোনও প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন শাহবাজ।
শরি বলেন, ‘ভারত মদতপুষ্ট জঙ্গিরা ইসলামাবাদে যেমন হামলা চালিয়েছে তেমনি আফগানিস্তানের ভূখণ্ড থেকে পরিচালিত একই নেটওয়ার্ক ওয়ানায় নিরীহ শিশুদের উপরও হামলা করে। ভারতের পৃষ্ঠপোষকতায় আফগানিস্তানের মাটি থেকে এই হামলা চালানোর জন্য কোনও নিন্দাই যথেষ্ট নয়।’ তিনি বলেন।
