BJP Ministers Oath | সোমবার রাজভবনে মেগা শপথ! রুদ্রনীল-পাপিয়া থেকে শংকর ঘোষ! শুভেন্দুর ‘টিম-১১’-এ কারা? দেখে নিন সম্ভাব্য তালিকা

BJP Ministers Oath | সোমবার রাজভবনে মেগা শপথ! রুদ্রনীল-পাপিয়া থেকে শংকর ঘোষ! শুভেন্দুর ‘টিম-১১’-এ কারা? দেখে নিন সম্ভাব্য তালিকা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজ্যে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১ জুন, সোমবার কলকাতার রাজভবনে নতুন মন্ত্রীরা শপথ নিতে চলেছেন (BJP Ministers Oath)। রাজনৈতিক ও দলীয় সূত্রে খবর, এই দফায় ১০ থেকে ১২ জন নতুন মুখকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এর ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান ছোট মন্ত্রিসভার আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

রবীন্দ্র জয়ন্তীর পুণ্যলগ্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ মাত্র ছয়জন মন্ত্রী নিয়ে এই নতুন সরকার যাত্রা শুরু করেছিল। এত ছোট মন্ত্রিসভা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছিল। বড় দপ্তরগুলি সামলাতে মন্ত্রীদের হিমশিম খেতে হচ্ছিল। সোমবারের এই সম্প্রসারণের মাধ্যমে সেই সমস্ত জল্পনার অবসান ঘটতে চলেছে। জানা গিয়েছে, নতুন মন্ত্রিসভায় বিজেপির ‘আদি’ ও ‘নব্য’ উভয় শিবিরের বিধায়কদের ভারসাম্য বজায় রেখে গুরুত্ব দেওয়া হবে।

সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় সবচেয়ে হেভিওয়েট নামগুলির মধ্যে অন্যতম হলেন রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত। তাঁকে উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে নবান্ন ও সাউথ ব্লক সূত্রে জোর জল্পনা। একইভাবে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে তাঁর সহযোগী হিসেবে বা পৃথকভাবে স্কুলশিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে আলিপুরদুয়ারের ফালাকাটার বিধায়ক দীপক বর্মন পূর্ণমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।

চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের হাতে যেতে পারে পূর্ত বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্ব। বামফ্রন্ট জমানায় পঞ্চায়েত দপ্তর পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। অন্যদিকে, ঘাটালের বিধায়ক শীতল কপাটের নাম রয়েছে সেচ দপ্তরের জন্য। বিশেষ করে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ দ্রুত বাস্তবায়িত করতেই শীতল বাবুকে এই বড় দায়িত্ব দেওয়া হতে পারে। বীরভূম জেলা থেকেও ধ্রুব সাহা কিংবা সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের মধ্যে কেউ মন্ত্রিসভায় আসতে পারেন। শুভেন্দু ঘনিষ্ঠ জগন্নাথবাবুকে পরিবহণ দপ্তর দেওয়া হতে পারে বলে খবর।

স্বাস্থ্য দফতর আপাতত মুখ্যমন্ত্রী নিজের কাছেই রাখছেন। তবে কাজের সুবিধার্থে ইন্দ্রনীল খাঁ এবং শারদ্বত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বা আয়ুষ দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে। মানিকতলার বিধায়ক তাপস রায়ের নাম চর্চায় থাকলেও, তিনি কলকাতার মেয়র পদের প্রতি বেশি আগ্রহী বলে খবর। তবে প্রাথমিকভাবে তাঁকেও সোমবার শপথ নিতে দেখা যেতে পারে। এছাড়া সংস্কৃতি জগৎ থেকে রুদ্রনীল ঘোষ, পাপিযা অধিকারী এবং বেহালার বিধায়ক শংকর শিকদারের নামও সম্ভাব্য তালিকায় ঘোরাফেরা করছে।

চূড়ান্ত তালিকা এখনও সরকারিভাবে প্রকাশিত না হলেও, সোমবারের এই শপথগ্রহণ অনুষ্ঠানের দিকেই এখন পাখির চোখ রাজনৈতিক মহলের। শুভেন্দুর ‘টিম’-এ নতুন কারা জায়গা করে নেন, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *