Bittu Tabahi Ajnar river cleanup | একা হাতে দূষিত নদী পরিষ্কার করে ভাইরাল, নেদারল্যান্ডস থেকে চাকরির প্রস্তাব পেলেন মধ্যপ্রদেশের তরুণ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : একা হাতে নদী পরিষ্কার করে সোশাল মিডিয়ায় ভাইরাল মধ্যপ্রদেশের রাজগড় জেলার একুশ বছরের তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘বিট্টু তাবাহী’ নামে পরিচিত। সম্প্রতি তিনি আজনার নদী সাফাইয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তার পরই তা ইন্টারনেটে ঝড় তোলে। তাঁর এই নিঃস্বার্থ প্রচেষ্টা শুধু দেশজুড়ে প্রশংসাই কুড়ায়নি, বরং তাঁর কাজের সুবাদে সুদূর নেদারল্যান্ডস থেকেও চাকরির প্রস্তাব এসেছে। আন্তর্জাতিক সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বয়ান স্লাট নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে তাঁর কাজের প্রশংসা করে সহজ ভাষায় প্রস্তাব দেন, “আমাদের সঙ্গে কাজ করতে এসো।” যদিও  বিট্টু জানান, বিষয়টি তিনি সমাজমাধ্যমেই দেখেছেন। তাঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে কেউ যোগাযোগ করেননি।

বিট্টু স্থানীয় একটি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র। আজনার নদীতে মাত্রাতিরিক্ত প্লাস্টিক বর্জ্য, শেওলা, জঞ্জাল ও দুর্গন্ধ দেখে তিনি আর প্রশাসনের অপেক্ষায় বসে থাকেননি। চলতি বছরের ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস থেকেই তিনি নদী সাফাইয়ের অভিযান শুরু করেন। শুরুতে কয়েকজন বন্ধু পাশে দাঁড়ালেও পরে এটি মূলত তাঁর একা মিশনেই পরিণত হয়। সাঁতার না জানা সত্ত্বেও এবং কোনও ধরনের পেশাদার সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কেবল সাধারণ কিছু সরঞ্জামের সাহায্যে তিনি নদী থেকে টন টন জঞ্জাল তুলে পরিষ্কার করেন।

এই কঠিন কাজ করতে গিয়ে নিজের জমানো টাকাও খরচ করতে হয়েছে তাঁকে। এমনকি তাঁর স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়েছিল। একাধিকবার তাঁর শরীরে ইনফেকশন হয়, ত্বকে চুলকানি দেখা দেয় এবং সাপের মুখোমুখিও হতে হয় তাঁকে। কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থেকে নদী সাফ করেন তিনি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তাঁকে সরকারি বাসভবনে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা জানান। শুক্রবার রাতে তাঁদের এই সাক্ষাৎ হয়। মুখ্যমন্ত্রী তাঁর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।

তবে এত প্রশংসা পেয়েও খুশি হতে পারছেন না বিট্টু। কারণ, নিজে হাতে পরিষ্কার করা নদীতে ফের জঞ্জাল জমতে দেখছেন তিনি। অভিযোগ, এলাকার মানুষ আবর্জনা নদীতে ফেলছেন। পরিষ্কার করার পরেও অনেকের টনক নড়েনি। এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যে ফের নদীর ওই অংশ আগের অবস্থায় ফিরে যাবে, আশঙ্কা বিট্টুর। হতাশ স্বরে তিনি বলেছেন, ‘‘কেন যে লোকজন এখনও নদীতে জঞ্জাল ফেলছেন, জানি না!’’ এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেছেন তিনি।

The publish Bittu Tabahi Ajnar river cleanup | একা হাতে দূষিত নদী পরিষ্কার করে ভাইরাল, নেদারল্যান্ডস থেকে চাকরির প্রস্তাব পেলেন মধ্যপ্রদেশের তরুণ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *