উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় এবার বলিউডের (Bishnoi Menace Bollywood) প্রথম সারির তারকা ও পরিচালকরা। সলমন খানের পর এবার রণবীর সিং এবং রোহিত শেট্টির মতো ব্যক্তিত্বদের হুমকি ও বাড়ি লক্ষ্য করে হামলার ঘটনায় কার্যত ত্রস্ত বি-টাউন। এই প্রতিকূল পরিস্থিতিতে শুটিং ব্যাহত হওয়ায় এবং কর্মীদের নিরাপত্তার কথা ভেবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের হস্তক্ষেপ দাবি করল ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (FWICE)।
চিঠিতে আতঙ্কের সুর
মুখ্যমন্ত্রীকে দেওয়া একটি চিঠিতে সিনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিনিয়ত হুমকি ফোন এবং ইমেল আসার ফলে শুটিংয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, “প্রাণভয়ে থাকছেন তারকারা। শুটিং বন্ধ হওয়ার ফলে কেবল অভিনেতা নন, সাধারণ টেকনিশিয়ান এবং ফ্লোর কর্মীরাও চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এভাবে চলতে থাকলে বিনোদনমূলক কাজ করাই অসম্ভব হয়ে পড়বে।”
নিশানায় কারা?
সম্প্রতি অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) এবং সলমন খানের (Salman Khan) ভগ্নীপতি আয়ুশ শর্মাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে, পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা বলিউডের অন্দরে ভয়ের পরিবেশ তৈরি করেছে। এমনকি জনপ্রিয় গায়ক বি প্রাককেও টাকা না দিলে ‘জীবিত পুঁতে দেওয়ার’ হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। সলমন খানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই এঁরা টার্গেটে রয়েছেন বলে মনে করা হচ্ছে।
বলিউডের এই সংকটজনক অবস্থায় শুটিং ফ্লোরে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুষ্কৃতীদের দমন করতে রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপ চাইছে সংগঠনটি। এখন দেখার, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস এই মেগা-সংকট সমাধানে কী দাওয়াই দেন।
