উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ কেরিয়ার শেষের হুমকিতেও তিনি পিছু হটেননি। ২০০৩ সালে রিলিজ হওয়া ‘জিসম’ (Jism) ছবিতে সোনিয়ার চরিত্রে অভিনয় করে রীতিমতো ঝড় তুলেছিলেন বঙ্গতনয়া বিপাশা বসু (Bipasha Basu)। অথচ ইন্ডাস্ট্রির তাবড় মানুষের বারণ উপেক্ষা করেই সেই ‘ইরোটিক থ্রিলার’-এ কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর অভিনয়ের আঙিনায় পা রাখার আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অতীতের দিনগুলোতে ফিরে গেলেন অভিনেত্রী।
বলিউডের অন্দরমহলের সেই সতর্কবাণী আজও স্পষ্ট বিপাশার মনে। প্রাপ্তবয়স্কদের এই প্রেমের গল্পে সাহসী চরিত্রে অভিনয় করলে তাঁর কেরিয়ার চিরতরে শেষ হয়ে যাবে—এমনটাই মনে করেছিলেন অনেকে। কিন্তু কারও কথায় কান না দিয়ে চিত্রনাট্যের টানে এবং চরিত্রের বহুমুখী রূপ দেখে রাজি হয়েছিলেন তিনি। আর সেই ঝুঁকিই বদলে দিয়েছিল তাঁর গোটা কেরিয়ারের সমীকরণ।
শুধু অভিনয় বা সাহসী চিত্রনাট্য নয়, ওই ছবির হাত ধরেই ফ্যাশন দুনিয়ায় নতুন ট্রেন্ডের জন্ম হয়েছিল। সমুদ্রসৈকত, সাদা পোশাক, চোখের গাঢ় কাজল আর ঢেউ খেলানো চুল—বিপাশার সেই নজরকাড়া লুক রাতারাতি ট্রেন্ডে পরিণত হয়। এ প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট অভিমত, সেই সময়ে ইন্ডাস্ট্রিতে মহিলাদের স্ক্রিন প্রেজেন্স বা তাঁদের দেখার দৃষ্টিভঙ্গিটা কিছুটা হলেও বদলে দিতে পেরেছিলেন তিনি।
পাশাপাশি ফিটনেস নিয়েও সে যুগে একাধিক ট্যাবু ভেঙেছিলেন বিপাশা। যখন ইন্ডাস্ট্রিতে পেশিবহুল বা ফিট মহিলাদের মূলধারার নায়িকা হিসেবে সহজে মেনে নেওয়া হতো না, তখন নিজেই সেই ট্রেন্ডের ধারা বদলে দেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা ছিল, কেবল বাহ্যিক সৌন্দর্য বা দেখতে ভালো লাগাই সব নয়; শারীরিক ও মানসিক সুস্থতাই আসল।
চলচ্চিত্রের দুনিয়ায় বড় বিরতি কাটিয়ে এবার নতুন চমক নিয়ে হাজির হতে চলেছেন বিপাশা। পরিচালক হংসল মেহতার (Hansal Mehta) নতুন ওয়েব সিরিজে সনী কৌশল ও বিশাল জেঠওয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর এই কামব্যাক নিয়ে ইতিমধ্যেই অনুগামীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

