সাধারণ মানুষের প্রশ্ন করার ক্ষমতা কেড়ে নিতেই হনুমান চালিশাকে সামনে আনা হচ্ছে। এগুলো আসলে নিঃশর্ত আত্মসমর্পণ। প্রতি ধর্মই এই আত্মসমর্পণকে মেনে নিতে বলে। নাম না করে এভাবেই বিজেপি-আরএসএসের ‘হিন্দুত্ব’কে আক্রমণ করলেন সিপিএমের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মেয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
শনিবার ভারতসভা হলে গণদর্পণ আয়োজিত হ্যালডেন স্মারক বক্তৃতার বিষয় ছিল, সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে হিন্দু বনাম হিন্দুত্ব। বর্তমান রাজনীতির প্রসঙ্গ টেনে গণদর্পণের কার্যকরী সভাপতি বিকাশবাবু সেখানে বলেন, “গীতা শেখায় চতুর্বর্ণ যা বলে তা লালনপালন করতে হবে। কৃষ্ণও সেখানে সঠিক ব্যাখ্যা দিতে পারছেন না। সামান্য প্রশ্ন করার ক্ষমতা কেড়ে নিতেই হনুমান চালিশা।” তাঁর বক্তব্য, “হিন্দু ধর্ম আসলে কিছু আচার আচরণ। আইনের শাসনই ধর্ম। তাকে রাজনৈতিক উদ্দেশ্যে কীভাবে কাজে লাগানো যাবে, তাই সাভারকর ‘হিন্দুত্ব’ কথা চালু করলেন।” এই প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দর শিকোগো-বক্তৃতার উল্লেখও করেন।
আরও পড়ুন:
বিকাশবাবুর প্রশ্ন, আজ যা হচ্ছে বিবেকানন্দকে অপমান করা হচ্ছে না? উনি পৃথিবীর সবাইকে আশ্রয়, সবাইকে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিলেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ‘সনাতন ধর্ম’ সিরিজের বই থেকে তথ্য তুলে ধরেছেন বলে দাবি করেন। বলেন, “ভয় থেকে সমর্পণ। প্রাকৃতিক এলাকাভিত্তিক কারণেই আলাদা ধর্ম। হিন্দু ধর্ম বলে কিছু নেই। শব্দটা এসেছে পার্সিয়ান থেকে। হিন্দু ধর্ম আসলে আর্য ধর্ম। কিন্তু আর্য বলে জাতি নেই। আছে বৈদিক ধর্ম।” এমনটাও বলেন, “মহাভারত হল জমির লড়াই। রামায়ণের ক্ষেত্রেও তাই, সীতা সেখানে জমির প্রতীক।”
ছিলেন বিজ্ঞানী শ্যামল চক্রবর্তীও। রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র সায়ন্তন বসুকে বিকাশবাবুর মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা সমস্ত ধর্মের মানুষকে তাঁদের ধর্মের বিশ্বাসে মর্যাদা দেওয়ার পক্ষপাতী। ওরা যত ধর্ম বিশ্বাসী মানুষকে অপমান করবে, তত ওদের ভোট সংখ্যা কমবে। বিকাশবাবুর মতো লোকেরা হিন্দুধর্মকে অপমান করার জন্য নানা মন্তব্য করেছেন। তাঁদের থেকে এর থেকে ভালো মন্তব্য আশা করাই অন্যায়।” উল্লেখ্য, এর আগে বিকাশ ভট্টাচার্যর বাড়িতে হামলা করারও অভিযোগ এসেছিল। সেই প্রসঙ্গ তুলে তিনি এদিন আরএসএস ও মুখ্যমন্ত্রীকে একহাত নেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
