উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election End result 2025) গণনা। হাইভোল্টেজ লড়াইয়ের মঞ্চ হয়ে উঠেছে বিহার। নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ (NDA) জোট ক্ষমতা ধরে রাখতে পারবে? নাকি কুর্সির দখল নেবে তেজস্বী যাদবের মহাগঠবন্ধন? এদিনই সবটা স্পষ্ট হয়ে যাবে।
এদিন সকাল থেকেই রাঘোপুর কেন্দ্র থেকে এগিয়ে ছিলেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব। কিন্তু লিড ধরে রাখতে পারলেন না তিনি। বেলা গড়াতেই এগিয়ে গেলেন বিজেপির সতীশ কুমার। এখনও পর্যন্ত পাওয়া খবর আনুযায়ী প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তেজস্বী।
বিহারে গত বিধানসভা নির্বাচনে যে দল একক সংখ্যাগরিষ্ঠা লাভ করেছিল, এবার তার করুণ দশা। এক থেকে একেবারে তিন নম্বরে চলে যেতে চলেছে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) (RJD)। গণনা এখনও শেষ হয়নি। তবে প্রবণতা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। মনে করা হচ্ছে, রেকর্ড ভোটে জিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট, সৌজন্যে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। তবে বিজেপি এককভাবেও অনেকটা এগিয়ে রয়েছে বিহারে। মহাগঠবন্ধনে আরজেডি খানিকটা লড়াই চালিয়ে যাচ্ছে। কংগ্রেস একেবারেই দাগ কাটতে পারেনি। এখনও পর্যন্ত তারা মাত্র ছ’টি আসনে এগিয়ে রয়েছে। আরজেডি এগিয়ে ৩৪ থেকে ৩৫টি আসনে। তুলনায় লিবারেশন (সিপিআইএমএল) কিছুটা ভালো ফল করছে। তারা এগিয়ে সাতটি আসনে। মহাগঠবন্ধন জোটের সার্বিক সংগ্রহ ৫১। সেখানে এনডিএ সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা অনেক আগেই পেরিয়ে গিয়েছে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হয় ১২৩টি আসন। এখনও পর্যন্ত এনডিএ ১৯০টি আসনে এগিয়ে রয়েছে।
এদিকে জেডিইউ অফিসের সামনে লাড্ডু বিলি করতে শুরু করে দিয়েছেন জেডিইউ সমর্থকরা। তাঁদের দাবি, জয় এখন সময়ের অপেক্ষা। লাগানো হয়েছে পোস্টারও। সেখানে লেখা, ‘বিহার মানেই নীতীশ’।
৬ ও ১১ নভেম্বর দুই দফায় ৩৮ জেলায় ২৪৩ আসনে ভোটগ্রহণ হয়েছে। আজ ১৪ নভেম্বর, ফলপ্রকাশ। ৬ নভেম্বর প্রথম দফায় ১২১টি আসনে ভোট পড়েছিল ৬৫.০৮ শতাংশ। দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ১২২টি আসনে ভোটদানের হার ছিল ৬৮.৭৮ শতাংশ। দুই দফায় গড়ে ৬৭.১৩ শতাংশ হারে ভোট পড়েছে, যা ১৯৫১ সালের পর সর্বোচ্চ।
