উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে আসন সমঝোতা চূড়ান্ত হল এনডিএ শিবিরে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার জানিয়েছেন, আগামী মাসের বিধানসভা নির্বাচনের (Bihar Election) জন্য ২৪৩ সদস্যের বিধানসভায় বিজেপি এবং জনতা দল (ইউনাইটেড) ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) ৬টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিহারের এনডিএ জোটের সদস্যরা আসন বণ্টনকে স্বাগত জানিয়েছে এবং আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলেই জানা গেছে। বিহারের নির্বাচনের দায়িত্বে থাকা এবং গত বছর হরিয়ানায় বিজেপিকে টানা তৃতীয় জয় এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি এদিন জানান, ‘ফের আরও শক্তিশালী এনডিএ সরকরা গঠন হবে বিহারে।’
এই প্রথমবার জেডি (ইউ) ও বিজেপি একই সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বীতা করছে। এর আগে সাধারণত জেডি (ইউ)র জন্য বেশি আসন বরাদ্দ থাকত। ২০২০ সালে, জেডি(ইউ) ১১৫টি আসনে এবং বিজেপি ১১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, অন্যদিকে চিরাগ পাসওয়ান পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারের আসন বন্টনের সিদ্ধান্তে অনেকেই মনে করছেন বিহারে এনডিএর মধ্যে ক্রমেই নিজের গুরুত্ব ও শক্তি বাড়াতে চাইছে বিজেপি। ধর্মেন্দ্র প্রধানের ঘোষণার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির নেতৃত্বাধীন এইচএএম এবং আরএলএম-এর মধ্যে আসন বণ্টন নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেছে। তবে এনডিএ শিবির একধাপ এগিয়ে গেলেও এখনও আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বিরোধী ইন্ডিয়া। আরজেডি-কংগ্রেস ও বামদলগুলোর মধ্যে আসন বন্টন নিয়ে আলোচনা এখনও চলছে। আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র বলেছেন, ‘সবকিছু ঠিক আছে এবং সবকিছু হয়ে গেছে। আগামীকালই তাঁরা আসন বন্টনের ফর্মুলা প্রকাশ করবেন।’
