Bhagwant Mann | দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা ‘বন্দি’ পঞ্জাবের মুখ্যমন্ত্রী! দিতে হলো ৫০ হাজার টাকা জরিমানাও, কেন্দ্রকে তীব্র নিশানা আপের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফ্রান্স সফর সেরে দেশে ফেরামাত্রই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন ঘণ্টা ‘আটকে’ রাখা হলো পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে (Bhagwant Mann)! এমনই চাঞ্চল্যকর ও বিস্ফোরক দাবি করল পঞ্জাবের শাসকদল আম আদমি পার্টি (আপ)। বিরোধী দলের মুখ্যমন্ত্রী হওয়ার কারণেই কেন্দ্র সরকারের রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হতে হয়েছে তাঁকে, এই মর্মে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে সরব হয়েছেন আপ নেতৃত্ব। এমনকি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানাও নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

পঞ্জাবে আপের মিডিয়া ইন-চার্জ বালতেজ পান্নু সমাজমাধ্যমে জানান, সম্প্রতি প্যারিস সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সেখান থেকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরই তাঁকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। অভিযোগ, প্রথমে মুখ্যমন্ত্রীর ল্যাগেজ বা ব্যাগপত্র তাঁর হাতে পৌঁছতে দেওয়া হয়নি এবং দীর্ঘক্ষণ পরীক্ষা-নিরীক্ষার অজুহাত দেখানো হয়।

প্রায় তিন ঘণ্টা পর ব্যাগ হাতে পেয়ে তিনি যখন বিমানবন্দর থেকে বেরোতে যান, ঠিক তখনই আধিকারিকেরা আবার এসে তাঁর পথ আটকান। এরপর পঞ্জাবের মুখ্যমন্ত্রীর হাতে ৫০ হাজার টাকার একটি জরিমানার চালান ধরিয়ে দেওয়া হয়। কী কারণে এই জরিমানা করা হলো, তা অবশ্য খোলসা করে জানায়নি আপ শিবির।

পঞ্জাবের শাসকদলের আরও দাবি, বিমানবন্দরে উপস্থিত আধিকারিকেরা মুখ্যমন্ত্রীর কাছে স্বীকার করেছেন যে ‘উপরমহল থেকে মারাত্মক চাপ’ থাকার কারণেই তাঁকে এভাবে আটকে রাখা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তোপ দেগে বালতেজ পান্নু প্রশ্ন তোলেন, “দেশের ইতিহাসে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেশের কোনো বিমানবন্দরে কি এভাবে অপমানিত হতে হয়েছে? কোনো মুখ্যমন্ত্রীকে কি তিন ঘণ্টা আটকে রেখে ৫০ হাজার টাকার চালান ধরানো যায়? এটি কেবল ভগবন্ত মানের নয়, পুরো পঞ্জাবের অপমান।”

উল্লেখ্য, ভগবন্ত মানের এই প্যারিস সফরের বিদেশযাত্রার অনুমতি দেওয়া নিয়েও এর আগে কেন্দ্র ও আপ সরকারের মধ্যে চরম দড়ি টানাটানি ঘটেছিল। তবে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে সরকারের উচ্চপদস্থ আধিকারিক বা কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *