১২ বাংলাদেশিকে ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিজিবির! এই নিয়ে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে তীব্র চাপানউতোর। উত্তেজনার পারদ চড়ছে নদিয়ার হোগলবেড়িয়া থানার রানিনগর সীমান্তে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পরপর দু’দিন বিএসএফ-বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং হলেও তাতে মিলল না কোনও রফাসূত্র। বিএসএফ ওই ১২ জনকে ফিরিয়ে নেওয়ার দাবি সম্পূর্ণ উড়িয়ে দিলেও ওপার বাংলার বিজিবি ও গ্রামবাসীদের দাবি, ওই ১২ জন ভারতীয় এবং তাঁদের ভারতে ফেরত নিতে হবে। এই মর্যাদার লড়াইয়ের জেরে চরম অনিশ্চয়তায় দিন কাটছে চার মহিলা ও চার শিশু-সহ মোট ১২ জনের।
এই বিষয়ে আরও খবর
বিজিবি ও বাংলাদেশের সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের অভিযোগ, গত শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের গেট খুলে ওই ১২ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠায়। শুক্রবার বিকেলে দুই দেশের সীমান্ত বাহিনীর প্রথম দফার বৈঠক নিষ্ফল হওয়ার পর, ভারতের রানিনগর ও বাংলাদেশের প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলারের কাছে মাথাভাঙা নদীর তীরে জিরো পয়েন্টে রাত কাটায় ওই ১২ জন। সূত্র মারফত জানা গিয়েছে, বিতর্কের জেরে শুক্রবার সূর্যাস্তের পর ওই ১২ জনকে বাংলাদেশের সীমান্ত লাগোয়া একটি গ্রামে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে রাতে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
কিন্তু ভারতের বিরুদ্ধে পুশ-ইনের প্রমাণ ও ‘মর্যাদার লড়াইয়ে’ জিততে শনিবার ভোরে তাঁদের ফের জিরো পয়েন্ট লাগোয়া এলাকায় এনে বসিয়ে রাখা হয়। বাংলাদেশের বাসিন্দারাও এবার অনুপ্রবেশ রুখতে বিজিবি-কে পূর্ণ সহযোগিতা করছেন। শনিবার দুপুরে দুই দেশের বাহিনীর মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক হয়। সেখানে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়, ওই ১২ জন (৪ জন মহিলা, ৪ জন শিশু ও ৪ জন পুরুষ) আদতে ভারতীয় নাগরিক। তাই বিএসএফ-কে তাঁদের ভারতে ফিরিয়ে নিতে হবে। পূর্বে একাধিক পুশ-ইনের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ কাজে না আসায়, এবার ওপার সীমান্ত বেশ মরিয়া।
যদিও, বর্ডার গার্ড বাংলাদেশের সমস্ত অভিযোগ ও দাবি খারিজ করে দিয়েছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর স্পষ্ট বার্তা, রানিনগর সীমান্ত দিয়ে গত কয়েকদিনে কাউকেই বাংলাদেশে ঠেলে পাঠানো হয়নি। ফলে কাউকে ফিরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। তবে দ্বিপাক্ষিক সম্পর্কের খাতিরে এবং প্রতিবেশী দেশের আপত্তির কথা মাথায় রেখে বিএসএফ জানিয়েছে, বিজিবির দাবিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। তাদের নির্দেশ অনুযায়ী, পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
