উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। শেষমেশ প্রশাসনের ওপর ভরসা না রেখে নিজের উদ্যোগেই ভাঙা ফুটপাত সারাই করলেন বেঙ্গালুরুর (Bengaluru) এক তরুণ উদ্যোক্তা। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি শেয়ার করার পরেই তা ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছেন তিনি।
বেঙ্গালুরুর কোরমঙ্গলা (Koramangala) এলাকায় নিজের আবাসনের সামনের একটি ফুটপাত দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় ছিল। ‘ভারতএগ্রি’ (BharatAgri)-র প্রতিষ্ঠাতা ও সিইও সিদ্ধার্থ ডিয়ালানি জানান, এই সমস্যা নিয়ে তিনি বারবার ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকা (BBMP)-র কাছে অভিযোগ জানিয়েছিলেন, গ্রেটার বেঙ্গালুরু অথরিটি (GBA)-কে ইমেল করেছিলেন, সাহায্য চেয়ে টিকিট রাইজ করেছিলেন এবং হোয়াটসঅ্যাপ হেল্পলাইনেও যোগাযোগ করেছিলেন। কিন্তু সব জায়গাতেই তিনি উদাসীনতার মুখোমুখি হন, কোনও সুরাহা মেলেনি।
প্রশাসনের আশ্বাসের অপেক্ষা না করে সিদ্ধার্থ নিজেই ফুটপাতটি সারাই করার সিদ্ধান্ত নেন। শ্রমিকদের মজুরি এবং সিমেন্ট কিনে র্যাম্প ও ভাঙা অংশ ঠিক করতে তাঁর মোট ২,৭০০ টাকা খরচ হয়।
এক্স (X)-এ ‘আফটার-আন্ড-বিফোর’ ছবি পোস্ট করে তিনি লেখেন, “অবশেষে এটি নিজে ঠিক করার সিদ্ধান্ত নিলাম।” তিনি আরও যোগ করেন, “এখন বেবি স্ট্রলার নিয়ে চলা অভিভাবক এবং হুইলচেয়ারে থাকা প্রবীণ নাগরিকরা খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন।”
তাঁর এই পোস্টটি প্রায় ৩,৯১,৬00 বার দেখা হয়েছে। এই পোস্টটিতে তিনি কিরণ মজুমদার-শ এবং নিখিল কামাথের মতো বিশিষ্ট শিল্পপতিদেরও ট্যাগ করেছেন। বেঙ্গালুরুর অন্যান্য এলাকাতেও এমন উদ্যোগ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, “আমাদের একসঙ্গে কাজ করা উচিত এবং বেঙ্গালুরুর আরও অনেক এলাকায় এই ধরনের কাজ ছড়িয়ে দেওয়া উচিত।”

