BCCI proclaims India squad | ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা ভারতের, ওয়ানডে দলে রোহিত-বিরাট থাকলেও বাদ পন্থ ও হার্দিক

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করল বিসিসিআই (BCCI proclaims India squad)। বুধবার একাধিক প্রতিযোগিতার দল নির্বাচনের জন্য দীর্ঘ বৈঠক বসেছিল বোর্ড। প্রত্যাশিতভাবেই এই স্কোয়াডে নিজের জায়গা বজায় রেখেছেন অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা। বোর্ডের এই সিদ্ধান্তে স্পষ্ট যে, এখনই রোহিতকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়ার কোনো ভাবনা নেই ম্যানেজমেন্টের, যা ইঙ্গিত দিচ্ছে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপেও দেখা যেতে পারে তাঁকে। রোহিতের পাশাপাশি বিরাট কোহলিও রাখা হয়েছে এই ওয়ানডে দলে।

যদিও অভিজ্ঞদের অনেকেই এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন। ফিটনেস এবং ফর্মের বিচারেই হোক বা অন্য কোনো কারণে, দল থেকে বাদ দেওয়া হয়েছে ঋষভ পন্থ এবং হার্দিক পাণ্ডিয়াকে। পন্থকে ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজেকে প্রমাণ করার নির্দেশ দেওয়া হয়েছে, আর তাঁকে আপাতত লাল বলের ক্রিকেটের জন্যই বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, পুরো ফিট না থাকায় স্কোয়াডে রাখা হয়নি হার্দিককে। এছাড়া সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার এই সিরিজে না থাকায় শুভমন গিলের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। স্কোয়াডে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে থাকছেন ধ্রুব জুরেল। ওয়ানডে দলে প্রত্যাবর্তন ঘটেছে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের।

এবারের দল নির্বাচনে সবচেয়ে বড় চমক দুই নতুন মুখ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জম্মু-কাশ্মীরের পেসার-অলরাউন্ডার আকিব নবি এবং মুম্বইয়ের অলরাউন্ডার নমন ধীরকে প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া স্কোয়াডে যশস্বী জয়সওয়াল থাকলেও তাঁর একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ কম। টি-টোয়েন্টি দলেও তারুণ্যের ওপর ভরসা রাখা হয়েছে; যেখানে দুই তরুণ পেসার প্রিন্স যাদব এবং মায়াঙ্ক যাদব জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে, ইরানি ট্রফিতে অবশিষ্ট ভারত দলের অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে, আর এই দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সরফরাজ খান।

একইসঙ্গে এশিয়ান গেমস ও জাপানে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি ম্যাচের জন্যও চূড়ান্ত দল ঘোষণা করেছে বোর্ড। শ্রেয়স আয়ের নেতৃত্বাধীন সেই স্কোয়াড থেকে নীতীশ রেড্ডিকে বাদ দেওয়া হলেও সুযোগ পেয়েছেন যশ ঠাকুর ও বিপরাজ নিগম। সবমিলিয়ে আসন্ন সিরিজের দল ঘোষণায় একদিকে যেমন অভিজ্ঞদের ওপর আস্থা রাখা হয়েছে, তেমনই ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুনদেরও পরখ করে নেওয়ার বড় সুযোগ রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের এক দিনের দল  

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, মহম্মজ সিরাজ, আকিব নবি, যশস্বী জয়সবাল, নমন ধীর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল 

শ্রেয়স আয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, নীতীশ রেড্ডি, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব

জাপান টি-টোয়েন্টি ও এশিয়ান গেমসের দল

শ্রেয়স আয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, যশ ঠাকুর, বিপরাজ নিগম

ইরানি ট্রফি অবশিষ্ট ভারত দল

ঋষভ পন্থ (অধিনায়ক), সনৎ সাঙ্গোয়ান, শিখর মোহন, সুদীপ ঘরামি, সরফরাজ খান (সহ-অধিনায়ক), স্মরণ রবিচন্দ্রন, মানব সুতার, সারাংশ জৈন, আকাশদীপ, মুকেশ কুমার, মুকেশ চৌধরী, আরিয়ান জুয়াল, আরিয়ান পান্ডে, অনুকূল রায়, আয়ুষ দোসেজা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *