উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে শোচনীয় ভাবে পরাজয় হয়েছে ভারতের (INDIA)। টেষ্টের দুটি ম্যাচেই দাপটের সঙ্গে খেলছে দক্ষিন আফ্রিকা (South Africa)। গম্ভীরের সময়ে ভারত সাদা বলের ক্রিকেটে ভালো পারফর্ম করলেও লাল বলের ক্রিকেটে দলের অবস্থা একেবারে খারাপ। তাই এবার গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভারতের কোচ পদ থেকে সরানোর দাবি করেছে প্রাক্তন ক্রিকেটারদের একাংশ।
গম্ভীর জামানায় ঘরের মাঠে ভারতের দুটো টেস্ট সিরিজ়ে হার হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করতে না পারা। ঘনঘন দলের প্রথম একাদশে বদলের মতো ঘটনা ঘটেছে। এতে প্রশ্নের মুখে পড়ছে গম্ভীরের স্ট্র্যাটেজি। তবে বিসিসিআই (BCCI) এখনই গম্ভীরকে সরানোর কোনও চিন্তা ভাবনা করেনি।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে বোর্ডের এক কর্তা বলেন, ‘আমরা এখনই গম্ভীরকে সরানোর কথা ভাবছি না। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত গম্ভীরের সঙ্গে চুক্তি রয়েছে। কিছুদিন পর নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা বৈঠক আছে। সেখানে গম্ভীরের সঙ্গে দলের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হবে।’
গম্ভীর যখন ভারতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছেন তারপর টেস্ট দল থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারার মতো সিনিয়র ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এই জায়গাগুলি ভরাট করার জন্য গম্ভীর তরুণ ক্রিকেটারদের দিকে ঝুঁকছেন। ক্রিকেট মহলের দাবী, গম্ভীর আইপিএলের পারফরম্যান্স দেখে ক্রিকেটারদের দলে নিচ্ছেন। তার সুফল সেভাবে না মেলায় গম্ভীরের আগামী পরিকল্পনা কী সেটাই এখন দেখার।
