বারাবনি: নিমেষের মধ্যে আনন্দ বদলে গেল এক চরম বিষাদের মুহুর্তে। আসানসোলের বারাবনি (Barabani) ব্লকের মন্দিরা ড্যামে স্নান করতে নেমে তলিয়ে গেল ২২ বছরের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। নিখোঁজ পড়ুয়ার নাম সুপ্রিয় চক্রবর্তী। কলকাতার ‘এস.এন.ইউ’ ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া সুপ্রিয় আসানসোলের বাসিন্দা। তবে বর্তমানে সে দুর্গাপুরের মুচিপাড়ায় থাকত বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ৫ বন্ধুর সঙ্গে সুপ্রিয় চক্রবর্তী মন্দিরা ড্যামে ঘুরতে আসে। মনোরম পরিবেশ উপভোগ করার এক পর্যায়ে তারা ড্যামের জমা জলে নেমে স্নান করতে শুরু করে। স্নান করার সময় আচমকা সুপ্রিয় গভীর জলে তলিয়ে যেতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা বন্ধুরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু জলের টান ও গভীরতা বেশি থাকায় তারা ব্যর্থ হয়। চোখের সামনেই তলিয়ে যায় সুপ্রিয়।
ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছায় বারাবনি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান বারাবনি ব্লকের বিডিও। পড়ুয়ার পরিবারের সদস্যরাও খবর পেয়ে এলাকায় আসেন। নিখোঁজ পড়ুয়ার সন্ধানে দ্রুত গতিতে উদ্ধারকার্য শুরু করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সুপ্রিয়র কোনও খোঁজ মেলেনি। তবে রাতে অন্ধকার হয়ে যাওয়ার ফলে উদ্ধার কাজ বন্ধ রয়েছে। পুলিশ সূত্রে খবর, জেলা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে।
এলাকাবাসীদের সূত্রে খবর, দু’দিন আগেও এই তরুণরা এই একই জায়গায় সোশ্যাল মিডিয়ার জন্য ‘রিল’ বানাতে এসেছিল। রবিবার তারা এখানে ঘুরতে আসে। তখন এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজ তরুণের পরিবার ও বন্ধু মহলে চরম শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

