উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওপার বাংলায় যাওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত তাতে জল ঢালল ঢাকা। বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের (Indians) জন্য পর্যটক ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার (Bangladesh Vacationer Visa)। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অস্থিরতা অব্যাহত। ভারতবিরোধী মনোভাব মাথাচাড়া দেওয়ায় সাধারণ ভারতীয় পর্যটকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সামনেই ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। এই সময় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়াবে বুঝেই এই কঠোর পদক্ষেপ নিল ঢাকা (India-Bangladesh)।
দিল্লি এবং আগরতলার বাংলাদেশ দূতাবাস থেকে আগেই পর্যটক ভিসা বন্ধ করা হয়েছিল। একমাত্র কলকাতার উপদূতাবাস থেকে এই পরিষেবা চালু ছিল। বুধবার থেকে কলকাতার অফিসও পর্যটক ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে বর্তমানে গোটা ভারত থেকে বাংলাদেশে ভ্রমণের জন্য কোনও ভিসা পাওয়া যাবে না। যদিও দূতাবাসগুলি এই নিয়ে কোনও সরকারি বিবৃতি জারি করেনি।
তবে বিদেশ মন্ত্রক সূত্রে খবর, পর্যটক ভিসা বন্ধ হলেও এমপ্লয়মেন্ট (Employment), বিজনেস (Enterprise) এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য ভিসা প্রদান চালু রাখা হয়েছে। যেহেতু এই ধরনের ভিসার ক্ষেত্রে বহুস্তরীয় যাচাই প্রক্রিয়া চলে এবং যাতায়াতের বিস্তারিত তথ্য কর্তৃপক্ষের কাছে থাকে, তাই এতে নিরাপত্তার ঝুঁকি কম।
কূটনৈতিক মহলের মতে, ফেব্রুয়ারিতে নির্বাচন মিটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্যুরিস্ট ভিসা চালুর কোনও সম্ভাবনা নেই। তবে বিশেষ জরুরি প্রয়োজনে সাধারণ নাগরিকদের ভিসা দেওয়ার বিষয়টি দূতাবাস কর্তৃপক্ষের বিবেচনার ওপর নির্ভর করবে।
