উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বাংলাদেশের (Bangladesh) ২৩তম রাষ্ট্রপতি হতে চলেছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে তিনি ২৫৫টি ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট।
দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলকে নির্বাচিত ঘোষণা করেন। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে তাঁর শপথ নেওয়ার কথা জানিয়েছেন চিফ হুইপ।
এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে দ্বিতীয়বার রাষ্ট্রপতি (President) নির্বাচিত হলেন। সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটের ফলাফল নিয়ে শুরু থেকেই বিশেষ অনিশ্চয়তা ছিল না। শেষ পর্যন্ত সেই সমীকরণই প্রতিফলিত হয়েছে ভোটের ফলে।রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল নিজে সংসদ সদস্য হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। বিপরীতে অলি আহমেদ সংসদ সদস্য না হওয়ায় নিজের প্রার্থিতার পক্ষে ভোট দিতে পারেননি।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর পদত্যাগের পরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নাম সামনে আসার পর বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণও আলোচনায় আসে। তিনি খালেদা জিয়ার আস্থাভাজন হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। একই সঙ্গে দলের বর্তমান নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক রয়েছে।

