উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির (Sharif Osman Hadi) মরদেহ সিঙ্গাপুর থেকে আনা হয়েছে বাংলাদেশে (Bangladesh)। জানা গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে। শুক্রবার রাতে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (College of Dhaka) কর্তৃপক্ষ।
সূত্রের খবর, হাদিকে নজরুলের পাশে সমাধিস্থ করার আর্জি জানিয়েছিল তাঁর পরিবার। এছাড়া, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কাছ থেকে চিঠি পান কর্তৃপক্ষ, সেখানেও অনুরূপ আর্জি জানানো হয়। এরপরই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন হাদি। টানা ছ’দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। কিন্তু বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুসংবাদ সামনে আসে। আর এরপরই উত্তাল হয়ে ওঠে ওপার বাংলা। জনরোষে ছারখার হয়ে যায় বাংলাদেশের একাধিক সরকারি ভবন, শেখ হাসিনার দল আওয়ামী লিগের কার্যালয়। রেহাই পায়নি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভও। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আবেদন উড়িয়ে রাতভর হামলা চালায় উত্তেজিত জনতা।
দেশের প্রথম সারির দুই সংবাদপত্র প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার-এর দপ্তরে ঢুকে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। ভাঙা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্কৃতিকেন্দ্র ছায়ানট ভবন, উদীচীর কার্যালয়। এই পরিস্থিতিতে এদিন হাদির শেষকৃত্য ঘিরে বাংলাদেশে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। বাড়ানো হয়েছে নিরাপত্তা। হাদির স্মৃতি সম্মান জানাতে এদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। ইউনূসের প্রেস উইং থেকে জানানো হয়েছে, দুপুর ২টা নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির শেষকৃত্য সম্পন্ন হবে। এরপর মরদেহ আনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থল প্রস্তুত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
