উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) জাতীয় সংসদের নির্বাচনে চার মাস বাকি। তার আগে জাতি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ (‘জামাত’ নামেই যা পরিচিত)-র আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘১৯৪৭ সাল থেকে এখনও পর্যন্ত কেউ জামায়াতের দ্বারা কোনও কষ্ট পেয়ে থাকলে মাফ চাইছি।’
শুক্রবার আমেরিকার নিউ ইয়র্কে (New York) একটি আলোচনা সভায় বক্তৃতার সময় শফিকুর রহমান বলেন, ‘১৯৪৭ থেকে শুরু করে এখনও পর্যন্ত আমাদের দ্বারা যে, যেখানে, যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে তাঁদের কাছে মাফ চাই। এটি গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই। কোনও অসুবিধা নেই।’
প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামাত নেতা-কর্মীরা প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করেছিলেন। রাজাকার ঘাতকবাহিনীর নেতা হিসাবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এই দলের একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে। শেখ হাসিনা (Sheikh Hasina) জমানায় তাঁদের কয়েকজনের সাজা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ২০১৬ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামাতের নির্বাচনি প্রতীক বাতিল করেছিল। তবে ৫ অগাস্ট পালাবদলের পর পরিস্থিতির বদল হয়। এখন তারা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ‘অন্যতম চালিকাশক্তি’ হিসাবে পরিচিত। ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে শফিকুরের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।
