উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সজাগ রয়েছেন তিনি। পুলিশ সহ নিরাপত্তাবাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার গভীর রাতে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (Jahangir Alam Chowdhury)।
পাশাপাশি বাংলাদেশের (Bangladesh) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ক্ষমতাচ্যুত আওয়ামি লিগকে (Awami League) দায়ী করেন তিনি। গভীর রাতে বারিধারার বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে আওয়ামি লীগের দোসররা। তাঁদের হাতে প্রচুর টাকা রয়েছে। সেসব টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলতে চাইছে। কিন্ত সেই সুযোগ তাঁরা পাবেন না।’ পদত্যাগের দাবির বিষয় তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম না। তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে, আমি যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে পারি, তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না।’
প্রসঙ্গত, যত সময় যাচ্ছে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত প্রায় দেড় মাসে ঢাকায় দিনে-দুপুরে চুরি-ডাকাতি হচ্ছে। সম্প্রতি, ঢাকায় এক দম্পতিকে প্রকাশ্যে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা হয় বলে অভিযোগ। এছাড়া চলন্ত বাসে ডাকাতি, এমনকি দুই মহিলাকে ধর্ষণের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালু করা হয়। বরিবার পর্যন্ত আট হাজারের বেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সরকার জানিয়েছে।
এই অবস্থায় গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সাংবাদিক বৈঠক ডেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপের কথা বলছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যাল চত্বরে পড়ুয়ারা তাঁর পদত্যাগের দাবিতে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যান। সোমবার বেলা ১১’টার মধ্যে তাঁকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। সূত্রের খবর, পড়ুয়াদের দাবির মুখে তাঁকে সরে যেতে বলা হতে পারে অনুমান করে সাংবাদিক বৈঠক ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মনে করা হয়েছিল, চাপের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করার কথা ঘোষণা করবেন। কিন্তু সে পথে না হাঁটলেও তিনি কার্যত একপ্রকার মেনে নিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়।
