বালুরঘাট: শানটিংয়ের সময় লাইনচ্যুত হল বালুরঘাট-ভাটিণ্ডা ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন। সোমবার দুপুরে বালুরঘাট (Balurghat) স্টেশনে আউট লাইন থেকে ট্রেনটিকে ৩ নম্বর প্ল্যাটফর্মে আনার সময় আচমকাই ইঞ্জিনের সামনের অংশ লাইনের বাইরে নেমে যায়। সেই সময়ে ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে।
রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৫টায় বালুরঘাট স্টেশন থেকে ফরাক্কা এক্সপ্রেস (Farakka Categorical) ছাড়ার কথা ছিল। সেই মতো দুপুরে আউট লাইন থেকে ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে (Practice) আনার জন্য শানটিংয়ের কাজ চলছিল। তখনই আচমকা ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। ইঞ্জিনের সামনের অংশ লাইনের বাইরে নেমে যাওয়ার পর শানটিংয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্টেশন চত্বরে ভিড় জমে যায়। খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়ার-সহ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। কী ভাবে শানটিংয়ের সময় ইঞ্জিনটি লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর দ্রুত ইঞ্জিনটিকে ফের লাইনে তোলার উদ্যোগ নেওয়া হয়। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের জন্য কাটিহার থেকে অ্যাক্সিডেন্ট রিকভারি ট্রেন এবং একটি ক্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। বিশেষ ব্যবস্থায় ইঞ্জিনটিকে ফের লাইনে তোলার কাজ চলছে।
শানটিংয়ের সময় ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় একাধিক প্রশ্নও উঠেছে। শানটিংয়ের সময় গতি, লাইনের পরিস্থিতি কিংবা কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। আধিকারিকদের তদন্তের পরেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে যাত্রী না থাকায় এই ঘটনায় কেউ আহত হননি।

