বালুরঘাট: বিসর্জন শোভাযাত্রায় ডিজে সাউন্ড বক্স বাজানো নিয়ে ফের বিতর্ক! সরকারি নির্দেশ উপেক্ষা করে বিসর্জনের শোভাযাত্রায় ডিজে (DJ) সাউন্ড বক্স ও লাইট ব্যবহারের অভিযোগ উঠল বালুরঘাটের (Balurghat) প্রগতি সংঘের বিরুদ্ধে। শুক্রবার বালুরঘাটের থানা মোড় এলাকায় বিষয়টি নজরে আসতেই শোভাযাত্রা থামিয়ে ডিজে সাউন্ড বক্স বন্ধ করার নির্দেশ দেয় বালুরঘাট থানার পুলিশ। ঘটনার দরুন ওই সাউন্ড বক্সের মেশিন-সহ অপারেটরকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, বিসর্জন শোভাযাত্রায় ডিজে সাউন্ড বক্স বাজানোর অনুমতি ছিল না। নিষেধাজ্ঞা অমান্য করেই প্রগতি সংঘের শোভাযাত্রায় ডিজে সাউন্ড বক্স ও আলোর ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি পুলিশের (Police) নজরে আসার পরই পদক্ষেপ করা হয়। সেই আবহে ডিজে সাউন্ড বক্স বন্ধ করার নির্দেশ দেওয়া হলে কিছুক্ষণের জন্য শোভাযাত্রা থমকে যায়।পরে অবশ্য প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে ডিজে সাউন্ড বক্স বন্ধ করে দেয় ক্লাব কর্তৃপক্ষ। এরপর শোভাযাত্রা এগিয়ে নিয়ে যাওয়া হয়।
এই প্রসঙ্গে প্রগতি সংঘের সম্পাদক সঞ্জয় কুমার সাহা বলেন, “ওখানে কোনও ডিজে বাজানো হচ্ছিল না। সাউন্ড সিস্টেমটি সাধারণ মোবাইল সিস্টেমের মতো, সম্পূর্ণ আলাদা। তবে প্রশাসনের মনে হয়েছে ডিজে বাজছে। তাই কোনও রকম ঝামেলা বা ক্লাবের সম্মানহানি এড়াতে প্রশাসনের নির্দেশ মেনে আমরা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।”
The submit Balurghat | ‘ওটা ডিজে ছিল না!’ বালুরঘাটে বিসর্জন শোভাযাত্রার মাঝপথেই বন্ধ করতে হল সাউন্ড বক্স appeared first on Uttarbanga Sambad.
