বক্সিরহাট: কোচবিহারের রসিকবিল মিনি জু (Rasikbill Mini Zoo) পরিদর্শনে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক কিংশুক মাইতিকে সঙ্গে নিয়ে রসিকবিল চিড়িয়াখানায় পৌঁছান তিনি। জেলা বনবিভাগের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়, এডিএফও বিজন কুমার নাথ-সহ বাকি কর্ম-কর্তারা ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান। চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন মুখ্যসচিব। বিশেষ করে হরিণের এনক্লোজার ও চিতাবাঘটিকে কাছ থেকে দেখে আপ্লুত হয়ে পড়েন মুখ্যসচিব। এরপর তিনি সেখান থেকে সোজা চলে যান পরবর্তী গন্তব্য তুফানগঞ্জ-১ ব্লকের চিলাখানা-২ গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি এলাকায়। সেখানে পথশ্রী রাস্তা, সুস্বাস্থ্য কেন্দ্র ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিস্থিতি কেমন তাও খতিয়ে দেখেন মুখ্যসচিব। এদিকে রসিকবিলে মুখ্যসচিবের আগমনকে কেন্দ্র করে উন্নয়নের আশায় বুক বেঁধেছেন এলাকাবাসীরা।
