Bagrakote | ৫০০ মিটার নির্মাণ এখনও বাকি, ৭১৭এ চালু হতে আরও ৪ বছর

Bagrakote | ৫০০ মিটার নির্মাণ এখনও বাকি, ৭১৭এ চালু হতে আরও ৪ বছর

খেলাধুলা/SPORTS
Spread the love


অনুপ সাহা, ওদলাবাড়ি: সিকিমগামী ৭১৭এ জাতীয় সড়কের (NH 717A) প্রথম ধাপের কাজ শেষ হওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েছে তিন বছর আগেই। বাগ্রাকোটের (Bagrakote) জিরো পয়েন্ট থেকে লাভা পর্যন্ত ৬১ কিমি দীর্ঘ সড়কটি এখনও পুরোপুরি চালু করতে পারেনি এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ। বাগ্রাকোটের জিরো পয়েন্টের দু’পাশের উড়ালপুলের মাঝে রেললাইনের ওপর স্টিল গার্ডার বসানোর কাজ হয়নি এখনও। তার পাশাপাশি পাহাড়ি গ্রাম বরবটের কাছে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা পাহাড় কেটে ৫০০ মিটার সড়ক নির্মাণের কাজও শুরু হয়নি। এনএইচআইডিসিএল জানিয়েছে, সবেমাত্র সেই কাজের টেন্ডার হয়েছে। শীঘ্রই সেখানে পাহাড় কেটে সড়ক নির্মাণ শুরু হবে।

২০১৯ সালে কাজ শুরুর সময় জিরো পয়েন্ট থেকে ভারত-চিন সীমান্তের নাথু লা পর্যন্ত ২৬০ কিমির বিকল্প রাস্তা তৈরির জন্য নির্ধারিত সময়সীমা ধরা হয়েছিল ২০২২ সালের ডিসেম্বর মাস অবধি। আর এখন আধিকারিকরা মনে করছেন, ১০ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে ঝাঁ চকচকে বিকল্প পাহাড়ি পথে গ্যাংটকে পৌঁছানোর স্বপ্ন বাস্তবায়িত হতে এখনও প্রায় ৪ বছর সময় লাগতে পারে।

রেলের অনুমতি না মেলায় সমস্ত রকম প্রস্তুতি থাকা সত্ত্বেও, জিরো পয়েন্টে দু’পাশের উড়ালপুলের মাঝে রেললাইনের ওপর স্টিল গার্ডার বসানোর কাজ শুরু করা যাচ্ছে না। জিরো পয়েন্ট থেকে প্রথম ১৩ কিমি সড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থার এক কর্তার দাবি, ‘২০২৩ সালের ডিসেম্বর মাসে আমাদের নির্ধারিত কাজ শেষ করা হয়েছে। এখন মেইনটেনান্স পর্ব চলছে। তবে, ওই অংশে স্টিল গার্ডার বসাতে হলে, কাজ চলাকালীন ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। রেলের অনুমতির জন্য একাধিকবার আলিপুরদুয়ার জংশন ডিভিশন অফিসে যোগাযোগ করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।’

এনিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং বলেন, ‘পুজোর আগেই দায়িত্বপ্রাপ্ত সংস্থা তাদের পরিকল্পনার কথা জানিয়েছিল। এই মুহূর্তে সেবক-রংপো রেলপথ নির্মাণকাজের জন্য রেল চলাচল বন্ধ রয়েছে। আশা করি সেই কাজ মিটলে নভেম্বরের প্রথম সপ্তাহেই আমরা বাগ্রাকোটেও কাজ শুরু করার অনুমতি দিতে পারব।’

অপরদিকে, সড়কের দ্বিতীয় ধাপ অর্থাৎ লাভা থেকে পেডং পর্যন্ত মোট ২০ কিমি সড়কের কাজের টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে। এনএইচআইডিসিএল জানিয়েছে, পেডংয়ের পাহাড়ি জনবসতি বাঁচিয়ে পুরো সড়কটি বাংলা-সিকিম সীমান্তের ঋষি পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ঋষি থেকে সিকিমের রংলি-রেনক-পাকিয়ং-রানিপুলে ১০ নম্বর জাতীয় সড়কে গিয়ে মিশবে ওই সড়ক। এছাড়া রংলি থেকে ছাঙ্গু লেকে যাবার রাস্তায় প্রায় ২ কিমি দীর্ঘ একটি সেতু তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলেছে। পাশাপাশি সিকিমের বেশ কয়েকটি জায়গায় সড়ক নির্মাণের কাজও শেষ হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *