Bagdogra-Kathmandu flight service | পাহাড় ডিঙিয়ে ১৭ ঘণ্টার ঝক্কির অবসান, শীঘ্রই কি চালু হচ্ছে বাগডোগরা-কাঠমান্ডু বিমান পরিষেবা?

খেলাধুলা/SPORTS
Spread the love


সানি সরকার, শিলিগুড়ি: পাকদণ্ডির পথে ১৭ ঘণ্টার ঝক্কির দিন শেষ হতে চলেছে। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারিত হওয়ার আগেই এখান থেকে উড়তে পারে আন্তর্জাতিক উড়ান। ভারত এবং নেপাল সরকারের মধ্যে আলোচনা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে নতুন করে বাগডোগরা-কাঠমান্ডু বিমান চলাচল (Bagdogra-Kathmandu flight service) এখন শুধু সময়ের অপেক্ষা। আন্তর্জাতিক স্তরে কয়েকটি কাজ এবং সমঝোতা হলেই ভারত-নেপালের মধ্যে আকাশপথে আরও একটি রুট তৈরি হবে বলে দুই দেশের অসামরিক বিমান চলাচলমন্ত্রক সূত্রে খবর। আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সেই সময়ে দুই দেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রসারণের কাজ শেষ হলেই বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) থেকে শুরু হবে আন্তর্জাতিক বিমান চলাচল। তবে ভারত-নেপালের আলোচনা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে ওই কাজ শেষ হওয়ার আগেই দুই দেশের মধ্যে নতুন রুটে শুরু হয়ে যাবে বিমান চলাচল। জানা গিয়েছে, গত সপ্তাহে নেপালের অসামরিক বিমান চলাচলমন্ত্রকের ডিরেক্টর জেনারেল মুকেশ দাংগলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নয়াদিল্লিতে বৈঠক করে ভারতীয় অসামরিক বিমান চলাচলমন্ত্রকের সঙ্গে। ওই বৈঠকেই বাগডোগরা থেকে নেপালের আকাশপথ জুড়তে চেয়ে ভারতের তরফে একটি প্রস্তাব দেওয়া হয়। ওই প্রস্তাব নিয়ে সোমবার কাঠমান্ডুতে বৈঠকে বসে নেপালের অসামরিক বিমান চলাচলমন্ত্রক। বৈঠকে উপস্থিত ছিলেন ওই দেশের পর্যটন, তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের আধিকারিকরা। বৈঠক সূত্রে খবর, কাঠমান্ডু-বাগডোগরা বিমান চলাচলের ক্ষেত্রে ভৈরভা রুটটি চালু করা হবে। নেপাল বা ভারত সরকারের তরফে এখনও সরকারিভাবে প্রকাশ্যে কিছু ঘোষণা না করা হলেও, আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে মউ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর বালেন্দ্রর এটাই প্রথম ভারত সফর।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ অগাস্ট স্পাইসজেট এয়ারলাইন্স কলকাতা-বাগডোগরা-কাঠমান্ডু বিমান পরিষেবা চালু করেছিল। সপ্তাহে তিনদিন (সোমবার, বুধবার ও শুক্রবার) বিমান চলাচল করত। কিন্তু পরিষেবাটি খুব বেশি দিন স্থায়ী হয়নি। স্পাইসজেট তীব্র আর্থিক সংকটে পড়ায় আরও কয়েকটি পরিষেবার সঙ্গে বাগডোগরা-কাঠমান্ডু বিমান চলাচলও বন্ধ হয়ে যায়।

নতুন করে বাগডোগরা-কাঠমান্ডু বিমান চলাচল শুরু হলে ক্রস বর্ডার ট্যুরিজমের প্রসার ঘটবে বলে মনে করছে পর্যটন মহল। পাশাপাশি গড়ে উঠতে পারে বৌদ্ধ পর্যটন সার্কিট। সিআইআই-এর ট্যুরিজম চেয়ার সম্রাট সান্যালের বক্তব্য, ‘বাগডোগরা থেকে কাঠমান্ডু এবং ঢাকা বিমান চলাচলের দাবি দীর্ঘদিনের। এই রুটগুলি চালু হলে সার্কভুক্ত দেশগুলির মধ্যে যাতায়াত বৃদ্ধি পাবে। সীমান্তপারের পর্যটনের নতুন দরজা খুলবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *