উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের নিরাপত্তা ব্যবস্থার মাঝেই কি ফাটল? সীমান্তের ওপারে গোপন তথ্য পাচারের গুরুতর অভিযোগে এবার অসম পুলিশের জালে ধরা পড়লেন ভারতীয় বায়ুসেনার এক প্রাক্তন আধিকারিক। শুক্রবার রাতে তেজপুরের পটিয়া এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম কুলেন্দ্র শর্মা।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই প্রাক্তন আধিকারিকের গতিবিধির ওপর কড়া নজরদারি চালাচ্ছিল অসম পুলিশ। অবশেষে শুক্রবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুলেন্দ্র শর্মা, প্রাক্তন জুনিয়র ওয়ারেন্ট অফিসার (IAF)। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার (ISI) সঙ্গে যোগাযোগ রাখার এবং ভারতের সংবেদনশীল সামরিক তথ্য পাচারের।বর্তমানে অভিযুক্ত অসম পুলিশের হেপাজতে রয়েছে। আজই তাঁকে পেশ করা হচ্ছে আদালতে।ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।
তদন্তকারীদের দাবি, কুলেন্দ্র শর্মার কাছ থেকে বাজেয়াপ্ত করা মোবাইল এবং ল্যাপটপ পরীক্ষা করে বেশ কিছু ‘সন্দেহজনক তথ্য’ পাওয়া গিয়েছে। পুলিশের সন্দেহ, গ্রেপ্তারির আঁচ পেয়ে আগেই বেশ কিছু সংবেদনশীল ফাইল এবং চ্যাট হিস্ট্রি ডিলিট বা মুছে ফেলা হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের সাহায্যে সেই তথ্য পুনরুদ্ধারের চেষ্টা চলছে।
অসমের শোণিতপুরের অতিরিক্ত পুলিশ সুপার হরিচরণ ভূমিজ জানিয়েছেন, ‘‘ধৃতের সঙ্গে পাকিস্তানের সন্দেহজনক যোগ থাকার সম্ভাবনা প্রবল। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত করে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।’’
উল্লেখ্য, কুলেন্দ্র শর্মা তেজপুর বিমান বাহিনী স্টেশনে ‘জুনিয়র ওয়ারেন্ট অফিসার’ হিসেবে কর্মরত ছিলেন। ২০০২ সালে তিনি অবসর গ্রহণ করেন। অবসর জীবনের পরেও তিনি তেজপুর বিশ্ববিদ্যালয়ের একটি পদে বেশ কিছুদিন কাজ করেছিলেন বলে জানা গিয়েছে।
