উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একের পর এক মামলায় আইনি জাঁতাকলে পড়ে জেলের মেয়াদ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumdar)। শুক্রবার চুঁচুড়া আদালতে তোলাবাজির মামলায় দুই সহযুগী জামিন পেলেও, নতুন করে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিল আদালত (Court docket)।
ঘটনার সূত্রপাত গত ৩০ মে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় রাস্তা অবরোধ ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে অসিত মজুমদারসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ (Police)। ওই ঘটনায় সাতজন জামিন পেলেও, তোলাবাজির অভিযোগে অসিত মজুমদার, চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা ও তৃণমূল নেতা মির্জা সানোয়ার আলি জেলবন্দি ছিলেন।
শুক্রবার আদালতে তোলা হলে তোলাবাজির মামলায় পার্থ সাহা ও মির্জা সানোয়ার আলির জামিন মঞ্জুর করে আদালত। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেলেন না প্রাক্তন বিধায়ক। তাঁর বিরুদ্ধে ২০২৩ সালের একটি শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার পুরনো মামলা নতুন করে যুক্ত হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এই মামলায় আদালত অসিত মজুমদারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
কারাগারে যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক বলেন, “কিছু বলার ভাষা নেই। ভগবান আছে, ঠিকই বিচার হবে। বিচার ব্যবস্থা আছে, সব দেখবে।” আগামী ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে আদালত। একে একে পুলিশি কাজে বাধা, তোলাবাজি এবং এবার ধর্ষণ চেষ্টার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত অসিত মজুমদারের ভবিষ্যৎ কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
