উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রশাসনিক রদবদলের পর এবার খাদ্য ও সরবরাহ দপ্তরে (WB Meals Division) বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। সোমবার দায়িত্ব পাওয়ার পর বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিয়েই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি। সাফ জানিয়েছেন, র্যাশন ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির (Ration Corruption) শিকড় উপড়ে ফেলাই তাঁর প্রধান লক্ষ্য।
এদিন মন্ত্রী এক যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, এখন থেকে র্যাশন দোকানগুলোতে আর আটা সরবরাহ করা হবে না। পরিবর্তে উপভোক্তারা পাবেন উন্নত মানের গম। তাঁর বক্তব্য, মানুষের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না। বর্তমানে গুদামে মজুত থাকা আটা বিলি হওয়ার পর নতুন করে আর কোনও আটা সংগ্রহ করবে না দপ্তর। সাধারণ মানুষের পাতে উন্নত মানের চাল ও গম নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর।
দুর্নীতিগ্রস্ত আধিকারিক ও ব্যবসায়ীদের কড়া ভাষায় সতর্ক করে অশোক কীর্তনিয়া বলেন, “খাদ্য দপ্তরে এক টাকার দুর্নীতিও বরদাস্ত করা হবে না। কেউ যদি আমাকে টাকা দিয়ে কিনতে চান, তবে তিনি জীবনের সবথেকে বড় ভুল করবেন।” তিনি আরও জানান, জুন মাস থেকে কোনও র্যাশন দোকানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সরাসরি দোকানের লাইসেন্স বাতিল করে তালা ঝুলিয়ে দেওয়া হবে।
পরিচয়পত্র যাচাইয়ের ক্ষেত্রেও কড়াকড়ি করছেন নতুন মন্ত্রী। তিনি স্পষ্ট করে দিয়েছেন, যাঁদের কাছে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ নেই, তাঁরা সরকারি র্যাশন বা কোনও সুবিধা পাবেন না। মূলত ভুয়ো র্যাশন কার্ড বাতিলের লক্ষ্যেই এই পদক্ষেপ। পাশাপাশি, পূর্বতন সরকারের আমলের দুর্নীতির ফাইলও পুনরায় খোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুরনো মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে তিনি আধিকারিকদের মাত্র এক সপ্তাহ সময় দিয়েছেন এই চক্র ভাঙতে। প্রশাসনিক মহলের ধারণা, মন্ত্রীর এই কঠোর অবস্থান র্যাশন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে বড় ভূমিকা নেবে।
