উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা এবং আর্থিক অনিয়মের অভিযোগে (Messi Occasion Chaos) রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলায় তাঁকে তলব করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। কিন্তু তলব পেয়েই হঠাৎ ‘অসুস্থ’ হয়ে পড়েছেন প্রাক্তন মন্ত্রী। পুলিশ সূত্রে খবর, হাজিরা দেওয়ার জন্য তিনি সময় চেয়ে নিয়েছেন। এই ঘটনায় মামলাকারী তথা ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta) তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। শতদ্রুর অভিযোগ, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তাঁর কাছ থেকে ২২ হাজার ‘কমপ্লিমেন্টারি’ টিকিট জোর করে নিয়েছিলেন, যা পরে কালোবাজারি করা হয়েছে। টিকিট না দিলে অনুষ্ঠান বাতিলের হুমকি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মোট পাঁচটি ধারায় মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রয়েছে— অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২)।
এই অভিযোগের ভিত্তিতে ৪ জুন, আজ বৃহস্পতিবার তাঁকে থানায় হাজিরার নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু বুধবার রাতেই অরূপ বিশ্বাস অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দিতে পারবেন না বলে পুলিশকে জানান। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মামলায় বারাসত আদালতে অরূপ বিশ্বাসের আগাম জামিনের আবেদন আগেই খারিজ হয়ে গিয়েছে। ফলে বর্তমানে তাঁর কাছে কোনও আইনি রক্ষাকবচ নেই। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি গ্রেপ্তারির ঝুঁকির মধ্যেই রয়েছেন।
এই পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন শতদ্রু দত্ত। তিনি লিখেছেন, ‘সমন আসতেই হঠাৎ অসুস্থতা! মেডিকেল সার্টিফিকেট দিয়ে হয়তো সময় কেনা যায়, কিন্তু বিচার থেকে পালানো যায় না। এতদিন সব ঠিক ছিল, সমন আসতেই শরীর খারাপ! এটি আইনের হাত থেকে পালানোর পথ নয়।’
এদিকে, প্রাক্তন মন্ত্রীর এই হঠাৎ অসুস্থতা ও সময় চাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে জল্পনা তুঙ্গে। এখন দেখার বিষয়, পুলিশ পরবর্তী পদক্ষেপে কী সিদ্ধান্ত নেয়।
