উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট (TMC checking account) থেকে সমস্ত রকম লেনদেন অবিলম্বে বন্ধ রাখার (Freeze) আর্জি জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি পাঠালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। নিজেকে দলের ‘কোষাধ্যক্ষ’ দাবি করে চলতি সপ্তাহে কলকাতার একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজারের কাছে এই চিঠি জমা দিয়েছেন তিনি। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর দলের অন্দরে তৈরি হওয়া তীব্র সংঘাতের আবহেই অরূপের এই পদক্ষেপ শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহল।
ব্যাংক ম্যানেজারকে পাঠানো চিঠিতে দলের অভ্যন্তরীণ বিদ্রোহের কথা অকপটে স্বীকার করেছেন অরূপ বিশ্বাস। তিনি লিখেছেন, বর্তমানে তৃণমূলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে চরম বিরোধ তৈরি হয়েছে। একটি বিদ্রোহী গোষ্ঠী নিজেদের দলের বৈধ প্রতিনিধি বলে দাবি করছে। এই পরিস্থিতিতে দলের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট কে বা কারা নিয়ন্ত্রণ করবেন, তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই দলের তহবিল সুরক্ষিত রাখতে এবং অননুমোদিত কোনও ব্যক্তির টাকা তোলা বা লেনদেন আটকাতে এই পদক্ষেপ জরুরি বলে মনে করছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া অডিট রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তৃণমূলের অ্যাকাউন্টে প্রায় ৬৭৫ কোটি টাকা রয়েছে (675 Crore Fund)।
উল্লেখ্য, ভোটের ভরাডুবির পর দলের অন্দরে ক্ষোভের আঁচ পেয়েই সংগঠনের সব কমিটি ভেঙে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৫ জুন দলীয় রদবদলে রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়। অথচ, গত ১২ জুন লেখা অরূপের এই চিঠিটি ব্যাংক কর্তৃপক্ষ গ্রহণ করেছে ১৬ জুন। ফলে অরূপের এই চিঠি দেওয়ার এক্তিয়ার আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই।
এই চিঠির বিষয়ে নতুন কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তাঁর জানা নেই। দলের অ্যাকাউন্ট একাধিক কিনা জানতে চাওয়া হলে শুভাশিসবাবু স্পষ্ট জানান, অ্যাকাউন্ট একটাই। দলের অন্দরে কোটি কোটি টাকার তহবিল নিয়ে এই দড়িটানাটানির জেরে ঘাসফুল শিবিরে যে অস্বস্তি বাড়ল, তা স্পষ্ট।

