উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান বাঁধার পর এবার ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতৃত্বে ছাত্রছাত্রীদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে ফের সোশ্যাল মিডিয়ায় সরব হলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। দিল্লির রাজপথে পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হিংসাত্মক আচরণের তীব্র সমালোচনা করে এক্স হ্যান্ডেলে কড়া বার্তা দেন তিনি। আর এর ফলেই জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়ের সরাসরি তোপের মুখে পড়েছেন অরিজিৎ। গায়ক জিয়াগঞ্জে ফিরলেই তাঁকে বিক্ষোভ দেখানো ও বয়কট করার ডাক দিয়েছেন ওই বিধায়ক।
ঠিক কী লিখেছেন অরিজিৎ সিং? গত সোমবার সিজেপির ডাকে সংসদ অভিযানকে কেন্দ্র করে দিল্লির রাজপথ রণক্ষেত্রের রূপ নেয়। বিক্ষোভকারীদের হটাতে দিল্লি পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার বহু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার পরই এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করে ক্ষোভ উগরে দেন অরিজিৎ।
দিল্লি পুলিশের ভূমিকার নিন্দা করে তিনি লেখেন, ‘‘বাহ! উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ।’’ এর পরে প্রশ্ন তোলেন, ‘‘এবার তো ছাত্রছাত্রীদেরও মারধর করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি কোনো লজ্জা নেই? আর এই নেতামন্ত্রীরা কি নিজেদেরই ভগবান ভাবতে শুরু করেছেন? কী চলছে এসব!’’ এছাড়া ‘হর হর মহাদেব’ ধ্বনি তুলে গায়ক সতর্ক করে দিয়ে লেখেন, ‘‘সব মনে রাখা হবে, ভুলে যাবেন না পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য।’’
বিজেপি বিধায়কের হুমকি ও নেটদুনিয়ায় বিতর্ক: অরিজিতের এই প্রতিবাদের পরেই তাঁর বিরুদ্ধে সুর চড়ান জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়। ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, ‘‘অরিজিৎ সিং জিয়াগঞ্জে ফিরলেই বিক্ষোভ দেখানো উচিত এবং ওকে বয়কট করা উচিত। ওখানে রাষ্ট্রবাদী মানুষের সংখ্যা কম নয়।’’ বিধায়কের এই পোস্টের কমেন্ট বক্সে অরিজিতের ভক্ত ও বিরোধীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। কুরুচিকর মন্তব্যের জেরে পাল্টা ক্ষোভ প্রকাশ করে বিধায়ক বলেন, ‘‘যারা এতক্ষণ ধরে জঘন্য ভাষায় নিজ নিজ সংস্কার ও বংশ পরিচয় দিলেন, তাদের কোনো কথাই গ্রহণ করলাম না। কোনো ভারতবিরোধী ছাড়া ওই অসভ্যতামি কোনো ভদ্রলোক সমর্থন করতে পারে না।’’
ভক্তের সঙ্গে অরিজিতের বার্তালাপ: সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী অরিজিতের এই প্রতিবাদের সমালোচনা করে লেখেন যে, তাঁর সমস্ত শ্রদ্ধা হারিয়ে গেছে এবং তিনি এখন গায়ককে ঘৃণা করেন। এর জবাবে অত্যন্ত শান্ত অথচ স্পষ্ট ভাষায় অরিজিৎ লেখেন, ‘‘কে আমায় সম্মান করল, আর কে নয়, সেটা নিয়ে আমি চিন্তিত নই। অন্যের মতামত নিয়েও আমি ভাবিত নই, কারণ প্রত্যেকের নিজস্ব মতামত আছে। আপনি আপনার ভক্ত বলে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতে আমি মোটেই বাধ্য নই। কিন্তু ব্যক্তি হিসেবে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথা হয়তো আপনাকে আঘাত দিয়েছে। কিন্তু আমি ভীষণই রেগে আছি। আমাকে স্বাধীন হওয়ার জন্য ক্ষমা করবেন। আপনি চাইলে আমার সমস্ত প্লেলিস্ট ডিলিট করে দিতে পারেন। আমার উপস্থিতি ভুলে যেতে পারেন। ভালো থাকুন।’’

