উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) মাসিক তিন হাজার টাকার ভাতা নিয়ে তৈরি হওয়া অসন্তোষ ও সাম্প্রতিক বিক্ষোভের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শনিবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের সুভাষ উদ্যানে আয়োজিত এক কর্মসূচিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে রাজ্যের কোনও ‘যোগ্য’ ও ‘প্রকৃত’ দাবিদার মহিলা বঞ্চিত হবেন না। বিরোধী শিবিরের সমালোচনা ও রাজনৈতিক বিক্ষোভকে নিশানা করে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, ‘ধমকে চমকে’ বা সংবাদমাধ্যমে শোরগোল ফেলে শুভেন্দু অধিকারীকে মাথানত করানো যাবে না।
সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাতা না পাওয়ার অভিযোগে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান উপভোক্তাদের একাংশ। সেই প্রসঙ্গে ভবানীপুরের সভা থেকে সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিরোধী দল তৃণমূল রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামাচ্ছে। খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়া পূর্বতন শাসকদল রিল বানিয়ে কিংবা সংবাদমাধ্যমে ট্রায়াল চালিয়ে সামাজিক বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
এদিনের কর্মসূচি থেকে অন্নপূর্ণা যোজনার সাফল্য ও অগ্রগতির খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জুন মাসে যেখানে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা ছিল ২৮ লক্ষ, জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ১৯ লক্ষ। আর অগাস্ট মাসে রেকর্ড ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পৌঁছে দেওয়া হয়েছে। শুধুমাত্র ভবানীপুরেই এই মাসে ১৪,৫০০-র বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং আরও আড়াই হাজার আবেদনকারীর নাম অনুমোদিত হয়েছে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্য সরকার এই অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠাবে।
শুভেন্দু অধিকারী আরও আশ্বাস দেন, বর্তমান ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার বাইরেও যদি আরও ২০ থেকে ৩০ লক্ষ প্রকৃত দাবিদার থাকেন, তবে তাঁদেরও ভাতার আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা করবে রাজ্য সরকার। পূর্বতন সরকারের সময় রাজনৈতিক বৈষম্যের শিকার হওয়া বিজেপি সমর্থক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির প্রতি বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে সমগ্র রাজ্যজুড়ে পালন করা হবে ‘অন্নপূর্ণা দিবস’। ওই দিন কলকাতায় প্রায় ১ লক্ষ উপভোক্তা মহিলাকে নিয়ে মহাসমাবেশ আয়োজনের কথা জানিয়েছেন তিনি। সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক উন্নয়নের পথেই সরকার অটল থাকবে বলে আশ্বাস দেন তিনি।

