উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আতঙ্কে বিগ-বি! প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সামনে হাজির হয়েছিলেন হিন্দি সিনেমার শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে বহু বছরের এই চেনা প্রথার দৃশ্যপট এবার ছিল সম্পূর্ণ আলাদা। ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য এ দিন তাঁর উন্মুক্ত বারান্দার পরিবর্তে একটি বিশেষ স্বচ্ছ ও বুলেটপ্রুফ ঘেরাটোপ (Amitabh Bachchan safety) ব্যবহার করা হয়। দূরদূরান্ত থেকে আসা সমর্থকদের দিকে হাত নেড়ে কৃতজ্ঞতা জানান অভিনেতা, আর ঠিক তাঁর পেছনেই সতর্ক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছেলে অভিষেক বচ্চনকে।
সাম্প্রতিক সময়ে মুম্বইয়ের কিছু বিশিষ্ট স্থান ও তারকাদের নিয়ে আসা একটি হুমকি ইমেল ঘিরেই এই বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গোয়েন্দা সূত্র ও পিটিআই-এর খবর অনুযায়ী, ওই হুমকির বার্তাটিতে অমিতাভ বচ্চনের বাসভবন ছাড়াও কনসার্ট ভেন্যু এবং মেয়রের কার্যালয়কে টার্গেট করার কথা বলা হয়েছিল। এই পরিস্থিতির পর থেকেই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। এতসব সতর্কতা সত্ত্বেও নিজের পুরোনো ঐতিহ্য ভেঙে ঘরে বসে থাকেননি অভিনেতা। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই ভক্তদের ভালোবাসাকে সম্মান জানিয়ে নির্ধারিত নিয়ম বজায় রাখেন তিনি। পুরো ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে মুম্বই পুলিশের কড়া পাহারা এবং ব্যারিকেডের দৃশ্যও স্পষ্ট।
The put up Amitabh Bachchan security | বুলেটপ্রুফ সুরক্ষাবলয়ে অমিতাভ, ভক্তদের টানে জলসার বাইরে সাপ্তাহিক দর্শনে ‘বিগ বি’ appeared first on Uttarbanga Sambad.
