Amitabh Bachchan | ‘প্রার্থনাই সব ক্ষমতার ঊর্ধ্বে’, নেপালে হড়পার ‘অসহনীয়’ ধ্বংসলীলা দেখে উদ্বিগ্ন অমিতাভ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হিমবাহ ধসে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে প্রতিবেশী দেশ নেপাল। নেপাল-তিব্বত সীমান্তে হড়পা ও কাদাস্রোতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা (Nepal Floods)। প্রাকৃতিক এই ধ্বংসলীলায় ইতিমধ্যেই কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে এবং হাজারেরও বেশি মানুষ নিখোঁজ। প্রকৃতির এই রুদ্ররূপ দেখে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এই বিপর্যয়কে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছেন তিনি (Insufferable)।

এই দুর্যোগে নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে ৮৩ বছর বয়সি অভিনেতা তাঁর ব্লগে লিখেছেন, ‘নেপালে বন্যা-পরবর্তী ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা অসহনীয়। প্রকৃতির রোষের বিরুদ্ধে কখনও লড়াই করা যায় না। এই পরিস্থিতির মোকাবিলা করতে ঐশ্বরিক উপস্থিতির প্রয়োজন। এই মুহূর্তে আমরা শুধু প্রার্থনা করতে পারি। কারণ সেটাই এখন সব ক্ষমতার ঊর্ধ্বে।’

পাশে দাঁড়ানোর বার্তা শুধু অমিতাভ বচ্চনই নন, নেপালের এই সংকটজনক পরিস্থিতিতে সমবেদনা ও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় চলচ্চিত্র জগতের একাধিক তারকা। অভিনেতা সোনু সুদ ক্ষতিগ্রস্তদের খাদ্য, আশ্রয় ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। মণীষা কৈরালা, ফারহান আখতার, ভূমি পেডনেকার ও সঞ্জয় দত্ত সোশ্যাল মিডিয়ায় হেল্পলাইন নম্বর শেয়ার করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন। অন্যদিকে, অভিনেত্রী কঙ্গনা রানাউত এই বিপর্যয়ের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এই মুহূর্তে নেপালে দ্রুত গতিতে উদ্ধারকার্য চালানো হচ্ছে। ত্রাণসামগ্রী পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। তবে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকায় উদ্ধারকাজে মারাত্মক বিঘ্ন ঘটছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *