ফাঁসিদেওয়াঃ গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় মোষ পাচারের ছক বানচাল করল ফাঁসিদেওয়া থানার পুলিশ (Buffalo Smuggling)। ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ৩৮টি মোষ বোঝাই একটি কন্টেইনার আটক করা হয়েছে। এই ঘটনায় শাহিদুল ইসলাম (২৬) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বাড়ি অসমের বঙ্গাইগাঁওয়ে।
বৃহস্পতিবার ফাঁসিদেওয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, একটি কন্টেইনারে করে বিপুল সংখ্যক মোষ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে কান্তিভিটা এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে পুলিশ। সন্দেহের বশে একটি কন্টেইনার আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। লরির ভেতর ঠাসাঠাসি করে ৩৮টি মোষ বোঝাই ছিল। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় চালককে তৎক্ষণাৎ আটক করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শাহিদুল ইসলাম পাচারের কথা স্বীকার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিহার থেকে মোষগুলিকে নিয়ে অসমে পাচার করা হচ্ছিল। ঘটনায় ব্যবহৃত কন্টেইনারটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং উদ্ধার হওয়া মোষগুলিকে খোয়ারে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে বড় কোনো পাচার চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

