Amit Shah Flight Subject | মাঝ আকাশে চরম উৎকণ্ঠা! দুর্যোগের কবলে অমিত শা-র বিমান, ৪৫ মিনিট চক্কর কেটে অবতরণ কলকাতায়

Amit Shah Flight Subject | মাঝ আকাশে চরম উৎকণ্ঠা! দুর্যোগের কবলে অমিত শা-র বিমান, ৪৫ মিনিট চক্কর কেটে অবতরণ কলকাতায়

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পর এবার প্রাকৃতিক দুর্যোগের কবলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah Flight Subject)। শুক্রবার রাতে কলকাতায় অবতরণের মুখে প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতের মুখে পড়ে শা-র বিমান। প্রায় ৪৫ মিনিট ধরে মাঝ আকাশে চক্কর কাটার পর অবশেষে রাত ১টা ২০ মিনিট নাগাদ নিরাপদেই দমদম বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এই ঘটনায় কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) এবং ভিভিআইপি নিরাপত্তা নিয়ে ফের বড়সড়ো প্রশ্ন উঠে গেল।

দুর্যোগ ও মাঝ আকাশে চক্কর:

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ কলকাতায় অবতরণ করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। আবহাওয়া খারাপ থাকায় শা-র বিমান কলকাতায় পৌঁছোতে এমনিতেই কিছুটা দেরি হয়। রাত ১২টা ২৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতার আকাশসীমায় প্রবেশ করলেও দুর্যোগের কারণে রানওয়েতে নামার অনুমতি মেলেনি।

তীব্র বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার মধ্যে ঠাকুরনগর ও ভীমপুরের আকাশে পাক খেতে শুরু করে বিমানটি। এরপর ধুবুলিয়া ও বেথুয়াডহরির আকাশেও বেশ কিছুক্ষণ চক্কর কাটে স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট বেসরকারি বিমানটি। সাধারণত শা বিএসএফ-এর বিশেষ বিমানে যাতায়াত করলেও, বর্তমানে রাজ্যে নির্বাচনি আচরণবিধি জারি থাকায় তিনি একটি ছোট চার্টার্ড বিমানে কলকাতায় আসছিলেন। আবহাওয়া খারাপ থাকায় ছোট বিমানের ক্ষেত্রে অবতরণ করা আরও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রাত ১টা ২০ মিনিটে বিমানের চাকা ছোঁয় কলকাতায়।

বিমানবন্দরে বিজেপি নেতৃত্ব:

রাত জাগা দুর্যোগ মাথায় নিয়েই বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা। নিরাপদ অবতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁরা স্বাগত জানান।

আজকের কর্মসূচি:

শনিবার কলকাতায় ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শা-র। বিজেপি রাজ্য নেতৃত্ব জানিয়েছেন, আজ দুপুর ১২টায় একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করবেন তিনি। সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি ‘চার্জশিট’ পেশ করার কথা রয়েছে তাঁর। এরপর রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক সেরে বিকেলেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *