Amit Shah | শিলিগুড়িতে অমিত শা, উত্তরকন্যায় হাইভোল্টেজ সীমান্ত বৈঠক! নজরে ‘চিকেনস নেক’

Amit Shah | শিলিগুড়িতে অমিত শা, উত্তরকন্যায় হাইভোল্টেজ সীমান্ত বৈঠক! নজরে ‘চিকেনস নেক’

শিক্ষা
Spread the love


কলকাতা ও শিলিগুড়ি: জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্ত সুরক্ষার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। যার মধ্যে বাড়তি গুরুত্ব পাচ্ছে উত্তরবঙ্গ (North Bengal) এবং চিকেন নেক (Hen Neck) বা শিলিগুড়ি করিডর। উত্তরবঙ্গ দিয়ে শা’র রাজ্য সফর শুরু হচ্ছে। শুক্রবার রাতে শিলিগুড়িতে পৌঁছাবেন তিনি। শনিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রধান ও রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখতে যাওয়ার কথা রয়েছে তাঁর।

ওইদিন রাতেই শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছাবেন শা। শনিবার রাতে রাজ্য সরকারের সৌজন্য অতিথিশালায় কাটিয়ে রবিবার দিনভর দফায় দফায় রাজ্যের আইনশৃঙ্খলা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে রাজ্য ও জেলার পুলিশ, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে আগামীদিনে জাতীয় স্বার্থে ভারত-বাংলাদেশ সীমান্ত কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে দিল্লি। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুদীর্ঘ সীমান্ত রয়ছে তার একটা বড় অংশই এ রাজ্যে। সে কারণে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সুরক্ষার বিষয়টি শুধু রাজ্যের প্রয়োজনে নয়, জাতীয় নিরাপত্তার স্বার্থেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই কারণে অতীতে সীমান্তে অনুপ্রবেশ, জঙ্গি নাশকতা, চোরাচালান সহ নানা বেআইনি কার্যকলাপ রুখতে বিশেষ উদ্যোগ নিতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু, রাজনৈতিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সীমান্ত সুরক্ষার বিষয়ে খুব একটা অগ্রগতি হয়নি। নির্বাচনি প্রচারে এসে রাজ্যের তৃণমূল সরকারকে দুষে বারবার সেই অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শা। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত অনুপ্রবেশ রোধে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সীমান্ত কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফকে হস্তান্তর করবে বলে আগাম জানিয়ে দিয়েছিলেন শা। সেই প্রতিশ্রুতি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী।

প্রশাসনিক সূত্রে খবর, ১৭২.৬ কিলোমিটার সীমান্তে কাঁটাতার দিতে ১০ জুলাই পর্যন্ত মোট ১১২৪.৭৫ একর জমি বিএসএফের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। এরমধ্যে সবথেকে বেশি জমি দেওয়া হয়েছে মূর্শিদাবাদে (৪৫.৪ কিলোমিটার সীমান্তের জন্য ৩৩৭ একর)। সবচেয়ে কম জমি দেওয়া হয়েছে জলপাইগুড়িতে (২.১৭ একর)। ১০ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে মালদায় ১৭৬.৭৮, দক্ষিণ দিনাজপুরে ২৬.৪১, উত্তর দিনাজপুরে ৬.৬১, দার্জিলিংয়ে ৪.৩১ এবং কোচবিহারে ১৩৫.৩৩ একর জমি রাজ্যের তরফে বিএসএফকে দেওয়া হয়েছে।

ভৌগোলিক ও কৌশলগত কারণে উত্তরবঙ্গের চিকেন নেক নিয়েও বিশেষ পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রশাসন সূত্রে খবর, শনিবার দুপুর ১টা থেকে শুরু হবে বৈঠকটি। রাত সাতটা পর্যন্ত তিনটি পর্যায়ে চলা বৈঠকে গুরুত্ব পাবে চিকেন নেক। রাজ্যে পালাবদলের পর, সীমান্ত সুরক্ষা ও সার্বিকভাবে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে শা’র এই উদ্যোগকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্য প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *