উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের রাজধানী দিল্লিতে সোমবার সন্ধ্যায় ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের (Pink Fort Metro Station) কাছে এক ভয়াবহ উচ্চ-তীব্রতার বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। এই বিপর্যয়ের পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ও নিহত-আহতদের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা ইতিমধ্যেই আহতদের সঙ্গে দেখা করতে লোক নায়েক জয়প্রকাশ (LNJP) হাসপাতালে পৌঁছেছেন। সেখানে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতাল পরিদর্শনের পর তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এর পাশাপাশি তিনি এও জানান যে, তদন্তে যা তথ্য উঠে আসবে তা জনসমক্ষে প্রকাশ করা হবে।
বিস্ফোরণের পর থেকে গোটা রাজধানীতে চরম সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন দিল্লি পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ কর্মকর্তারা, যাঁরা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছেন। পুলিশ সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তে এলাকাটি ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) সহ শীর্ষ তদন্তকারী সংস্থাগুলি যুক্ত হয়েছে। তদন্তকারীরা এটিকে নাশকতামূলক কার্যকলাপের সম্ভাবনা হিসেবেও খতিয়ে দেখছেন।
