উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আজ কলকাতায় (Kolkata) ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র (Amit Shah)। তাঁর রবিবারের কলকাতা সফর ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। শিলিগুড়ির কর্মসূচি শেষে শনিবার রাতেই তিনি কলকাতায় পৌঁছান। রবিবার দিনভর তাঁর কর্মসূচি রয়েছে।
প্রথমেই সকালে আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী (Administrative assembly)। বৈঠকে দক্ষিণবঙ্গের সব জেলার পুলিশ সুপার (এসপি), জেলাশাসক এবং রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের উপস্থিত থাকার কথা। সীমান্ত সুরক্ষা ও রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলার বিষয়গুলো এই বৈঠকে গুরুত্ব পেতে পারে। প্রশাসনিক এই বৈঠকের পাশাপাশি রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার সম্ভাবনাও রয়েছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে তাঁর একান্ত আলোচনার দিকে নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।
দুপুরের পর স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিতে রয়েছে সরকারি অনুষ্ঠানের ছোঁয়া। ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত ওয়ার্ড মিউজিয়ামের উদ্বোধন করবেন তিনি। এরপর নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আমুল বেঙ্গল ডেয়ারির দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উল্লেখ্য, এই সরকারি কর্মসূচিগুলোতে শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা রয়েছে।
রবিবার সন্ধ্যায় কলকাতার কর্মসূচি শেষ করে অমিত শা’র দিল্লি ফেরার কথা। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

