রাজ্যে পালাবদলের পর তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বারাসত পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর অরুণ ভৌমিক। ৭৭ দিন জেলবন্দিও ছিলেন এই তৃণমূল কংগ্রেস নেতা। আদালতে জামিন পেয়ে সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন। আর ফিরতেই হামলা চলল। সোমবার রাতে একদল দুষ্কৃতী হামলা চালাল তাঁর বাড়ি ও দলীয় কার্যালয়ে। ঘটনায় বারাসত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিন রাতে বারাসত এলাকায় অরুণ ভৌমিকের বাড়িতে চড়াও হয় শতাধিক মানুষ। বাড়ির পাশেই রয়েছে দলীয় কার্যালয়। অভিযোগ, সেখানে প্রথমে ভাঙচুর চালানো হয়। এরপর হামলা চালানো হয় তাঁর বাড়িতে। জানলার একাধিক কাচ ভাঙা হয়। সামনের জানলার শেড-সহ অন্যান্য জায়গাতেও চলে ভাঙচুর। এরপর হামলাকারীরা বাড়ির চত্বরে ঢোকেন। বাড়ির সামনের মূর্তি ভাঙা হয়। নষ্ট করা হয় গাছপালা।
আরও পড়ুন:
হামলার সময় বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা অরুণ ভৌমিক। বাড়িতে সেসময় ছিলেন অরুণের স্ত্রী নন্দিতা ভৌমিক ও এক আত্মীয়া। তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে। হামলা চালিয়ে এলাকা ছাড়ে বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখে। নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। কিন্তু কারা এই হামলা চালাল? নন্দিতার অভিযোগ, বিজেপি কর্মীরাই হামলা চালিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছেন, ঘটনায় বিজেপির কোনও যোগ নেই। তৃণমূলেরই একাংশ অরুণের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। তোলাবাজির অভিযোগে দলের একাংশ অতিষ্ঠ ছিল বলেও দাবি তাঁর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
