পলাশবাড়ি: খোদ কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের (IB) আধিকারিকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার-১ ব্লকের (Alipurduar) পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঁঠালবাড়ি গ্রামে। মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় (Sonapur Outpost) সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা হরিপদ বর্মন বর্তমানে হায়দ্রাবাদে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কর্মরত। চাকরির সুবাদে তিনি সপরিবারে সেখানেই থাকেন এবং বছরে দু-একবার গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার রাতে এলাকায় হালকা ঝড়-বৃষ্টি শুরু হলে সেই সুযোগ কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর গ্রিলের তালা এবং ঘরের দরজার লক ভেঙে ভেতরে ঢোকে তারা। বাড়ির চারটি ঘরের আসবাবপত্র লন্ডভন্ড করে একাধিক আলমারি থেকে সোনার অলঙ্কার, নগদ টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বুধবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। হায়দ্রাবাদ থেকে ফোনে হরিপদবাবু জানান, সকালে চুরির খবর পেয়েই তিনি পুলিশকে বিষয়টি জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনাপুর ফাঁড়ির পুলিশ। একজন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকের বাড়িতে এমন চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে।
