উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আলিপুরে জেলা পরিষদের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Alipore Hearth)। কালো ধোঁয়ায় রীতিমতো ঢেকে গিয়েছে চারপাশ। অফিস টাইমে এই অগ্নিকাণ্ডের জেরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা।
জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ১০টা নাগাদ ভবনের চতুর্থ তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে দমকলের ধারণা, চতুর্থ তলায় অবস্থিত বাতানুকূল যন্ত্রে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সিঁড়ি দিয়ে উপরে ওঠা অসম্ভব হয়ে পড়ে। দমকলকর্মীরা বহুতলের জানলার কাচ ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করেন। ভবনটি সংকীর্ণ জায়গায় অবস্থিত এবং চারপাশে প্রচুর গাছ থাকায় মই ব্যবহার করতে গিয়েও দমকলবাহিনীকে বেগ পেতে হয়। ভবনটির উপরের তলাগুলিতে রং করার কাজ চলছিল। আটকে পড়া রংমিস্ত্রিদের দড়ি বেয়ে নীচে নামিয়ে এনেছেন দমকলকর্মীরা। দমকল সূত্রে প্রাথমিকভাবে জানানো হয়েছে, এই ঘটনায় বড় কোনও প্রাণহানির খবর নেই। তবে অগ্নিকাণ্ডের উৎসস্থলে জেলা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি রয়েছে, যেগুলি ভস্মীভূত হওয়ার আশঙ্কা প্রবল। আগুনের তীব্রতা ও তাপর কারণে জানলার কাচ, এসির বাইরের অংশ ভেঙে পড়ছে।
নিরাপত্তার খাতিরে দ্রুত ওই বহুতল ও সংলগ্ন সরকারি ভবনগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে দমকলকর্মীদের কাজের সুবিধার জন্য অক্সিজেন সিলিন্ডার ও ব্রিদিং মেশিন নিয়ে আসা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে দমকলের নিরন্তর চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আনার কাজ চলছে। তবে কালো ধোঁয়া ও আগুনের তীব্রতার জেরে কাজে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
